ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার
নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে অবাধে জাটকা ও অন্যান্য মাছের রেণু এবং ডিমওয়ালা মাছ শিকার করা হচ্ছে। ফেব্রুয়ারি-মার্চ—দুই মাস নদী ও জলাশয়গুলোতে মাছ শিকার ও বিক্রি নিষিদ্ধ।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ভোলা-বরিশালের সীমানা কালীগঞ্জ-মল্লিকপুরে মেঘনা এবং শ্রীপুরের তেঁতুলিয়া থেকে চরফ্যাশনের ঢালচর-কুকরী পর্যন্ত নদীতে জেলেরা প্রকাশ্যে জাটকা, রেণুপোনা এবং ডিমওয়ালা মাছ শিকার করছেন। জেলেরা অবৈধ বেড়জাল, মশারি জাল, কারেন্ট জালসহ অন্যান্য জাল পেতে এসব মাছ শিকার করছেন।ভোলার ইলিশা বিশ্বরোডের মাথা, কাচিয়া কাঠির মাথা, ধনিয়া তুলাতুলি, নাছিরমাঝি, শিবপুর, দৌলতখান মাঝিরহাট, হাজিরহাট, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, মনপুরা, চরফ্যাশন, শান্তিরহাট, গঙ্গাপুর, ব্যাংকেরহাটসহ শতাধিক মাছঘাটে জাটকা ও ডিমওয়ালা মাছ ক্রয়-বিক্রয় করতে দেখা গেছে।বিশ্বরোডের মাথা এলাকার মাঝি আবদুল মালেক বলেন, বর্তমানে নদীতে শুধু জাটকা নয়, কোটি কোটি পাঙাশ-গুইঙ্গা-মেদ মাছের পোনা ধরা পড়ছে। বর্তমানে বেলে-পোয়া ও চুলের ডাঁটি মাছের প্রজনন মৌসুম চলছে। এখন প্রতিটি পোয়া মাছের পেট ডিমে ভর্তি। এসব মাছ ধরা পড়ছে অবৈধ জালে। হারুন মাঝি, ইসমাইল, সফিকুলসহ একাধিক জেলে জানান, অভাবের তাড়নায় তাঁরা মাছ ধরতে বাধ্য হন। ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড ও পুলিশ নদীতে নামলে ট্রলারের মাঝিরা মুঠোফোনে তাঁদের সতর্ক করে দেন। তখন তাঁরা জাল গুটিয়ে নিরাপদে চলে যান। রামদাসপুরের জেলে জাফর ও চর জহিরুদ্দিনের জেলে জাহাঙ্গীর বলেন, প্রভাবশালী আড়তদারেরা সাধারণ জেলেদের দাদন দিয়ে সারা বছরই এই অবৈধ জাল পাততে বাধ্য করছেন।ভোলা জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক বলেন, তাঁরা গত ফেব্রুয়ারি মাসে জাটকা ধরার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যকে নয়জনকে কারাদণ্ড দিয়েছেন। মার্চেও তাঁদের অভিযান অব্যাহত রয়েছে।জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, জাটকা সংরক্ষণে তিনি নিজেই নদীতে অভিযান চালাচ্ছেন। অভিযানে জব্দ করার পর প্রচুর অবৈধ জাল ধ্বংস করেছেন তিনি। তার পরও বিশাল নদীতে প্রভাবশালী মহল জাটকাসহ ছোট মাছ নিধন করছে।