ভোলার লালমোহন এবং তজুমদ্দিন উপজেলায় গত দেড় মাসে সরকার সমর্থকেরা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩৯ জন নেতা-কর্মীকে মারধর করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হাফিজউদ্দিন। তিনি বলেন, হামলাকারীরা ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের কর্মী। সাংসদ নিজেও জসিম উদ্দিন নামে বিএনপির এক কর্মীকে মারধর করেন। কারও কারও হাত-পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। হাফিজ জানান, গত ১৯ আগস্ট লালমোহন উপজেলার পূর্ব চরউমেদ বাজারের কাছে জসিম উদ্দিনকে মারধর করে সাংসদ চোখ বেঁধে গাড়িতে তোলেন। পরে মিথ্যা অভিযোগে দায়ের করা একটি মামলায় তাঁকে জেলে পোরা হয়। হাফিজউদ্দিন অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের সহায়তায় নুরুন্নবী চৌধুরী লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এ সময় দুই এলাকার সংঘটিত বেশ কিছু ঘটনা উল্লেখ করেন তিনি।নুরুন্নবী চৌধুরীর প্রতিক্রিয়া: মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদের অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে নুরুন্নবী চৌধুরী গতকাল প্রথম আলোর ভোলা প্রতিনিধিকে বলেন, ১৯৮৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত লালমোহনকে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত করেন হাফিজউদ্দিন আহমেদ। পরবর্তী সময়ে সেখানে সংখ্যালঘু নির্যাতনের কথা কারও অজানা নয়। ৩৯ নেতা-কর্মীকে মারধরের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘এটা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফল। আওয়ামী লীগের কোনো কর্মী এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।’