ভোলায় পথসভায় আ.লীগের হামলা
ভোলার চরফ্যাশন উপজেলায় শনিবার রাতে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন মালতিয়ার পথসভায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সাংবাদিকদের চারটি ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় গতকাল রোববার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকেরা প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশ শেষে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, শনিবার রাত আটটার দিকে চরফ্যাশন বাজারের জনতা রোডের মাথায় আলমগীর হোসেন পথসভার আয়োজন করেন। একই সময় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়নাল আবেদীনের কর্মীরা গণসংযোগ করার নামে বিএনপির পথসভায় হামলা চালিয়ে মাইক ভাঙচুর করেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় প্রায় ১৫ জন আহত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী সময় টিভির সাংবাদিক নাসির লিটন বলেন, সংঘর্ষ চলাকালে সাংবাদিকেরা দৃশ্য ধারণ করতে যান। এ সময় আওয়ামী লীগের কর্মীরা এসএ টিভির ক্যামেরাম্যান শামিম, সাংবাদিক শাহাদাত শাহিন, দিগন্ত টিভির সাংবাদিক ইউনুস শরিফ, এটিএন বাংলার ক্যামেরাম্যান খোকন ও সময় টিভির ক্যামেরাপারসন উৎপল দেবনাথকে পিটিয়ে ক্যামেরা ছিনিয়ে নেন। এতে শামিম ও ইউনুস শরিফ আহত হন। তাঁদের ভোলা সদর হাসপাতালে এবং আহত অন্যদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ভোলা-৪ আসনের সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম ও বিএনপির সহসভাপতি আমিরুল ইসলাম বলেন, বাজারে বিএনপি-সমর্থিত প্রার্থীর পথসভায় আওয়ামী লীগ ও যুবলীগের ক্যাডাররা হামলা চালিয়ে ১৫ জনকে আহত করে। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে এখন বিএনপিকে আক্রমণ করছে।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগ জড়িত নয়। চরফ্যাশন থানার ওসি আবুল বাশার বলেন, সংঘর্ষের সময় লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।