ভোলায় পাল্টাপাল্টি হামলায় আহত ৩২
ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় পুলিশসহ ৩২ জন আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তিদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ছাত্রবিষয়ক সম্পাদক আশিকুর রহমান শান্ত চেয়ারম্যান পদপ্রার্থী গজনবী টিপুর পক্ষে ইউনিয়নের বটতলা এলাকায় গণসংযোগ করেন। বৈঠক শেষে শান্ত চলে গেলে টিপুর কর্মীরাও বাড়ি ফিরতে শুরু করেন। এ সময় টিপুর বাড়ির কাছে অন্ধকার ঝোপে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা অতর্কিত টিপুর কর্মীদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সবুজ, মিন্টু, মাকসুদুর রহমান, আবুল কালাম ও আবুল বাশার গুরুতর আহত হন। তাঁদের প্রথমে ভোলায় এবং পরে বরিশালে পাঠানো হয়েছে।এ ঘটনার এক ঘণ্টা পর রাত নয়টার দিকে বটতলা সেলিম মেম্বারের বাড়িতে প্রতিপক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী ইফতেয়ারুল হাসান স্বপন উঠান বৈঠক করে বাংলাবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় কালীর গাছতলা ও চান্দের হাট এলাকায় সন্ত্রাসীরা হামলা চালালে পুলিশের উপপরিদর্শক (এসআই) আশ্রাফ, সিপাহি আবুল হোসেন, মোস্তফা দেওয়ান, শাহজল দেওয়ান, ফিরোজ, সিরাজুল, জসিম, শাজাহান দেওয়ানসহ ২৫ জন আহত হন। গুরুতর আহত ব্যক্তিদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।চেয়ারম্যান পদপ্রার্থী ইফতেয়ার হাসান স্বপন গতকাল দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আশিকুর রহমান শান্ত দিঘলদী ইউনিয়নে গণসংযোগে উত্তেজনাকর বক্তব্য দিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করেন।পাল্টা সংবাদ সম্মেলনে গজনবী টিপু বলেন, শান্তর জন্য নয়, গত কয়েক দিন ধরে দক্ষিণ দিঘলদী ইউনিয়নে ভোলা থেকে শত শত সন্ত্রাসী গাড়ি ভরে স্বপনের পক্ষে তাঁর কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছে। এতে তাঁর পক্ষের ভোটাররা আতঙ্কিত।ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক প্রথম আলোকে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পর্যাপ্ত র্যাব ও পুলিশ মোতায়েন আছে। তবে কোনো পক্ষই এখনো মামলা করেনি।