ভোলায় পুকুর দখল করে ভবন নির্মাণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলা স্কুলের পুকুরটি দখল হয়ে যাচ্ছে। পরিবেশবাদীরা বারবার আন্দোলন করে এলেও পুকুরটি বাঁচাতে প্রশাসন এগিয়ে আসছে না বলে অভিযোগ রয়েছে।অনুসন্ধানে দেখা গেছে, পুকুরপাড়ে যে পরিমাণ জমি আছে, তার দ্বিগুণ জমি সরকার প্রভাবশালীদের কাছে লিজ দিয়েছে। এ সুযোগে লিজ নেওয়া জমির সামনের অংশের পুকুরের মধ্যে ইট-বালু-মাটি ফেলে ভরাট করে সেখানে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে।ভোলা সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার এ বি এম সাদিকুর রহমান বলেন, ‘পুকুর ভরাট করে ভবন তৈরি করা সম্পূর্ণ বেআইনি। যারাই পুকুর দখল করছে, আমরা তাদের বাধা দিচ্ছি, নিষেধ করছি। কিন্তু প্রভাবশালীরা বাধা মানছে না।’ভোলা সদর উপজেলা ভূমি অফিস জানায়, ভোলা শহরের চর জংলা মৌজার ১৬৪ নম্বর খতিয়ানে মোট জমির পরিমাণ (অর্পিত সম্পত্তি কেস নম্বর-২০/১৯৭৩-৭৪) দশমিক ৯৮৮৭ একর। এর মধ্যে পুকুরের পরিমাণ দশমিক ৮৬১৫ একর। বাকি দশমিক ১২৭২ একর পুকুরের পাড়ের সম্পত্তি। কিন্তু ভূমি অফিস বিভিন্ন সময় দশমিক ২০৯১ একর সম্পত্তি লিজ দিয়েছে। হিসাবে দেখা যাচ্ছে, পুকুরপাড়ে যে জমি আছে, ভূমি অফিস তার চেয়ে প্রায় দ্বিগুণ জমি বেশি লিজ দিয়েছে। ভোলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলা স্কুল পুকুরটি ভোলা শহরের প্রাণ। কিন্তু পুকুরের চারপাশের লিজপ্রাপ্ত ব্যক্তিরা পুকুরটি দখল করে সেখানে পাকা বিল্ডিং তৈরি করছে। সম্প্রতি প্রকাশ্যে সবার সামনে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ফাতেমা জান্নাত গং পুকুরের মধ্যে মাটি ফেলে পাকা দালানের কাজ করছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি বারবার প্রশাসনকে জানানো হয়েছে, আমরা পুকুর দখলমুক্ত করতে মানববন্ধন করেছি, স্মারকলিপি দিয়েছি। কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছি নিচ্ছি বলে আর নেয়নি।’ সরেজমিনে দেখা যায়, যারা পুকুরের পাড়ের জমি লিজ নিয়েছে, তারাই পুকুরের মধ্যে ইট-বালি ফেলে পুকুরটি ভরাট করে সেখানে পাকা পিলার উঠিয়ে পাকা ঘর নির্মাণ করছে। দখলকারী ভোলা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নির্বাহী সদস্য মেহেদী হাসান বলেন, ‘আমরা ভূমি অফিস থেকে ৫ শতাংশ জমি লিজ নিয়েছি। কিন্তু দুই শতাংশ জমিও আমাদের দখলে নেই। জমি না থাকায় কোনো মতে আমাদের অফিসটির দেয়াল পাকা করেছি।’ বাংলাদেশ স্কাউটসের সাধারণ সম্পাদক ও মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক আবু তাহের একই মন্তব্য করেন। জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘পুকুরের জমি দখল করা সম্পূর্ণ বেআইনি। যারা দখল করবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’