ভোলায় পেটানোর পর কলেজছাত্রীকে গণধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে এক কলেজছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার পর গণধর্ষণ করা হয়েছে। দুর্বৃত্তদের প্রাণনাশের হুমকির মুখে নয় দিন গৃহবন্দী থাকার পর গত রোববার ভোলা সদর থানায় এ ঘটনায় মামলা হয়েছে। এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় একটি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ার পাশাপাশি ওই মেয়েটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার স্কুলে শিক্ষকতা করে। কলেজে ও স্কুলে আসা-যাওয়ার পথে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির মোমিন নামের এক বখাটে ছেলে ওই মেয়েটিকে প্রায়ই উত্ত্যক্ত করত। মেয়েটির পরিবারের পক্ষ থেকে বখাটে মোমিনের বাবার কাছে এর প্রতিকার চাওয়া হয়। এতে বখাটে মোমিন ক্ষিপ্ত হয়। গত ২৫ জুন বিকেলে স্থানীয় পরানগঞ্জ বাজারে বড় ভাইয়ের কাছ থেকে সংসার খরচের প্রয়োজনীয় টাকা নিয়ে ওই ছাত্রী রিকশায় করে বাড়ি ফিরছিল। পথে ওত পেতে থাকা মোমিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই ছাত্রীকে টেনেহিঁচড়ে রিকশা থেকে নামিয়ে কাছের একটি বাগানের দিকে নিয়ে যেতে শুরু করে। একপর্যায়ে ওই ছাত্রী ছুটে দৌড় দেয়। কিন্তু বেশি দূর যেতে পারেনি। মোমিন লাঠি দিয়ে তার পায়ে প্রচণ্ড আঘাত করে এবং গামছা দিয়ে মুখ ও হাত-পা বেেঁধ ফেলে। পরে মুঠোফোনে মোমিন তার সাতজন বন্ধুকে ডেকে এনে আটজন মিলে পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে। পরে অচেতন অবস্থায় রিকশায় করে তাকে বাড়ির সামনে রেখে আসে।ওই ছাত্রীর বাবা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ওই ঘটনার পর থেকে বখাটে মোমিন প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি মুখ খুলতে সাহস পাননি। ভয়ে সময়মতো মেয়ের চিকিৎসাও করাতে পারেননি। কিন্তু দিনে দিনে তাঁর মেয়ের অবস্থার অবনতি ঘটে। গত শুক্রবার ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে তার চিকিৎসা করানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ভোলা সদর থানার উপপরিদর্শক (এসআই) সুলতান শিকদার প্রথম আলোকে বলেন, ওই কলেজছাত্রীর ডাক্তারি পরীক্ষা ভোলা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল সোমবার ওই ছাত্রীর জবানবন্দি নেওয়া হয়েছে। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী জানান, তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞানামা পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে গণধর্ষণের অভিযোগের সত্যতা মিলেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।