ভোলায় বার্ড ফ্লুতে আক্রান্ত দুই হাজার মুরগি গতকাল বৃহস্পতিবার মাটিতে পুঁতে ফেলা হয়েছে।জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি সদর উপজেলার আলতাজের রহমান সড়কের আহাম্মেদ পোলট্রি ফার্মে কয়েকটি মুরগি মারা যায়। জেলার প্রাণিসম্পদ অধিদপ্তর মরা মুরগির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। গতকাল বিকেলে ঢাকা থেকে পাওয়া প্রতিবেদনে দেখা যায়, মুরগিগুলো বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে। এরপর গতকাল সন্ধ্যায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. প্রদীপ কুমার কর্মকারের নেতৃত্বে একটি দল খামারের প্রায় দুই হাজার মুরগি নিধন করে মাটিতে পুঁতে ফেলে। পরে সেখানে সতর্কীকরণ সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।আহাম্মেদ পোলট্রি ফার্মের ব্যবস্থাপক মো. সাইদুর রহমান দাবি করেন, এতে তাঁদের প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।ডা. প্রদীপ কুমার কর্মকার বলেন, পুঁতে ফেলা প্রতিটি মুরগির জন্য ২০০ টাকা করে দেওয়া হবে। বার্ড ফ্লুর ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে এ জন্য মুরগিগুলো মেরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।