ভোলায় প্রার্থী অবরুদ্ধ
ভোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হেলাল উদ্দিনকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন গতকাল মঙ্গলবার সারা দিন ঘরে অবরুদ্ধ অবস্থায় রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ভয়ে এ কথা কাউকে বলতেও সাহস পাননি বলে প্রথম আলোকে জানান।
গতকাল মঙ্গলবার রাত নয়টায় মুঠোফোনে এ অভিযোগ করেন প্রার্থী হেলাল উদ্দিন ও তাঁর স্বজনেরা। এর আগে দুপুরে হেলাল উদ্দিনের বাড়িতে গেলে তিনি কোথায় আছেন বাড়ির লোকজন তা জানাতে পারেননি। ওই সময় তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
হেলাল উদ্দিনের অভিযোগ, মঙ্গলবার সারা দিন কয়েকটি মোটরসাইকেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিকুল ইসলামের কর্মী-সমর্থকেরা হেলাল উদ্দিনের বাড়ির আশপাশে তঁাকে খুঁজছিলেন এবং গালাগাল করছিলেন।
এ সময় তাঁরা হেলাল উদ্দিন ও তাঁর কর্মী-সমর্থকদের কেন্দ্রে যেতে নিষেধ করেন। এ বিষয়টি জানানোর জন্য রিটার্নিং কর্মকর্তাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। তবে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার শিকদার এ অভিযোগ অস্বীকার করেন।
কাউন্সিলর প্রার্থী আতিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কাউকে ভয় দেখিয়ে নির্বাচিত হওয়ার ইচ্ছে নেই।’