ভোলায় একটি বরফকল থেকে ভ্রাম্যমাণ আদালত আট মণ ইলিশ জব্দ করেছেন। মাছগুলো বরফকলের অদূরে তদন্তকেন্দ্রের কয়েকজন পুলিশ সদস্য সংরক্ষণের জন্য রেখেছিলেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১১টার দিকে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ইলিশা বাজারের পাশে মিল্টন মিয়ার বরফকল থেকে আট মণ মাছ জব্দ করেন। এ সময় বরফকলে কাউকে পাওয়া যায়নি। মাছগুলো পরে মসজিদ, মক্তব ও লিল্লাহ বোর্ডিংয়ে বিলি করা হয়। ইউএনও জানান, গতকাল সোমবার সকালে বরফকলটি সিলগালা করে দেওয়া হয়। সূত্র জানায়, ২ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে সভায় সিদ্ধান্ত হয়, ইলিশ প্রজনন মৌসুমে (৬-১৬ অক্টোবর) কোনো বরফকল খোলা থাকবে না। কিন্তু ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের সামনের বরফকলটি গত রোববার পর্যন্ত খোলা ছিল বলে স্থানীয় সূত্র জানায়। বরফকলের আশপাশের একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিদিন পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা এই বরফকলে ইলিশ রেখে যেতেন। তবে পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা উপপরিদর্শক আবদুর রব আখন্দ বলেন, ‘এ অভিযোগের কোনো ভিত্তি নেই। আমরা যে মাছ পাই, তার সবই বিলি করে দিই।’