ভোলায় বাঁধ কাজে আসছে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সাত উপজেলার কিছু এলাকায় নির্মাণ করা ও নির্মাণাধীন বেড়িবাঁধ কোনো কাজে আসছে না। উচ্চতা, প্রস্থ ও ঢাল নির্ধারিত পরিমাপে না করায় এবং অসময়ে নির্মাণ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে জলোচ্ছ্বাস হলেই বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে খেতের ফসল ও বসতঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে।সম্প্রতি জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ভোলার বোরহানউদ্দিন, তজুমদ্দিন, দৌলতখান এবং সদরসহ কয়েকটি উপজেলার মানুষ এ অভিযোগ করেছে। এরা পুরোনো ও নির্মাণাধীন বেড়িবাঁধের পাশের এলাকার বাসিন্দা। বোরহানউদ্দিন উপজেলার পাটওয়ারী বাড়ির বাসিন্দা হামিদ উল্লাহ বলেন, ‘সাবোক আমলে দেখছি বান দেয় শীতো (শুকনা মৌসুমে), বানও আছিল উঁচা চওড়া, এ্যর চাইয়্যা তিন-চার গুণ। আর এহোন বান দেয় বাইষ্যাকালোত (বর্ষাকাল) পানির মাইধ্যে, আর বান ছুডি পানিত ডুইব্যা মরি আমরা।’ মনপুরার হাজিরহাটের জেলে রফিকুল ইসলাম, তজুমদ্দিনের সোনাপুরের ফরিদউদ্দিন, বোরহানউদ্দিনের বাটামারার আলমগীর হোসেন, দৌলতখান ভবানীপুর ইউপির চেয়ারম্যান সোহেল হোসেন অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বর্ষাকালে নদীর বাঁধ নির্মাণ করাচ্ছে। ওই বাঁধ জলোচ্ছ্বাস মোকাবিলায় ব্যর্থ হচ্ছে। খাড়া ও অপ্রশস্ত বাঁধ নির্মাণ করায় তা ভেঙে লোকালয় প্লাবিত হচ্ছে। তাঁরা আশ্বিন মাসে বাঁধ নির্মাণের দাবি জানান।পাউবো সূত্রে জানা গেছে, বর্তমানে বেড়িবাঁধের প্রস্থ ১৪ ফুট, উচ্চতা ১২ ফুট, ঢাল (নদীর বিপরীত দিকে) ২৪ ফুট ও ঢাল (নদীর দিকে) ২৫ ফুট করার নিয়ম। পাউবো ভোলা কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলার সাতটি উপজেলায় ৩৯ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য গত ফেব্রুয়ারি মাসে দরপত্র আহ্বান করা হয়েছে। এ জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত রবি ও সোমবার সদর, দৌলতখান, বোরহানউদ্দিন ও তজুমদ্দিনে সরেজমিনে দেখা যায়, বাঁধের কোথাও ৭০ ভাগ এবং কোথাও ২০ ভাগ কাজ শেষ হয়েছে। বোরহানউদ্দিনের পক্ষিয়া, দৌলতখানের ভবানীপুর, তজুমদ্দিনের সোনাপুর এবং সদরের কাচিয়াকাঠির মাথায় বাঁধের উচ্চতা কোথাও কোথাও সাত ফুট ও প্রস্থ দুই ফুট। এসব স্থানে বাঁধের কোনো ঢাল নেই। গত কয়েক দিনের অস্বাভাবিক জোয়ার এবং জলোচ্ছ্বাসে নির্মাণাধীন ও পুরোনো বাঁধ ভেঙে এবং বাঁধ উপচে ভোলার ব্যাপক এলাকা প্লাবিত হয়। জেলা ত্রাণ কার্যালয় সূত্রে জানা গেছে, জলোচ্ছ্বাসে জেলার ৩৫ হাজার ৩২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ভোলা পাউবো-১-এর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান এবং পাউবো-২-এর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, মে মাসে বাঁধ নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শতকরা ২০-৫০ ভাগ কাজ শেষ হয়েছে। জমি অধিগ্রহণ ও মাটি কাটার জন্য সরকার অর্থ বরাদ্দ না দেওয়ায় এ সমস্যা হচ্ছে। শুকনো মৌসুমে বাঁধ নির্মাণ না করার বিষয়ে তাঁরা বলেন, দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় তিন মাস লেগে যায়। এদিকে ফান্ড আসতেও বিলম্ব হয়। তাই সঠিক সময়ে বাঁধ নির্মাণ করা যায়নি। এখন না হলেও কাজ শেষ করার পর উচ্চতা, প্রস্থ ও ঢাল সঠিকভাবে করা হয়েছে কি না, তা যাচাই করে দেখা হবে।