ভোলায় বাঁধ ভাঙা, জোয়ারে পানিবন্দী সাত লাখ মানুষ
ভোলার সাতটি উপজেলায় ৯৬ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৫০টি চরে কোনো বাঁধ নেই। এ কারণে জোয়ারের সময় জেলার প্রায় সাত লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। ঘূর্ণিঝড় মহাসেনের আগে এবং মহাসেনের সময় এই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের বাংলাবাজার ও আলিমউদ্দিন এলাকায় জোয়ারের সময় বাঁধ ভেঙে ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের চারপাশের সাড়ে ১৫ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধই প্রধান সড়ক। এ সড়ক দিয়ে ইউনিয়নের ১৮ হাজার মানুষ যাতায়াত করে। মহাসেনের সময় ও পরবর্তীকালে জোয়ারের ঝাপটায় এই বাঁধের চারটি স্থানে ১৭০ মিটার বিলীন হয়েছে। গত বুধবার থেকে এই চারটি স্থান দিয়ে জোয়ারের পানি ঢুকে ফসলের মাঠসহ লোকালয় প্লাবিত হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলার ৩০০ কিলোমিটার বাঁধের মধ্যে ২৬ কিলোমিটার সম্পূর্ণ এবং ৭০ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত। বুধবার থেকে বাঁধের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা দিয়ে জোয়ারের পানি ঢুকে লোকালয় প্লাবিত হচ্ছে। আর বাঁধের আংশিক ক্ষতিগ্রস্ত স্থানগুলো এখন জোয়ারের সময় পানির ঝাপটায় আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সদর উপজেলার মেঘনা পারের শিবপুর থেকে পূর্ব ইলিশা পর্যন্ত ১২ কিলোমিটার বাঁধের অধিকাংশ ক্ষতিগ্রস্ত।সদর উপজেলার দায়িত্বে থাকা পাউবোর উপসহকারী প্রকৌশলী ফজলে এলাহী জানান, উপজেলায় ছয় কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। ওই এলাকা দিয়ে জোয়ারের পানি ঢুকে লোকালয় প্লাবিত হচ্ছে। পাউবোর বিভিন্ন উপজেলার উপসহকারী প্রকৌশলীরা জানান, বাঁধ ক্ষতিগ্রস্ত থাকায় মেঘনা-তেঁতুলিয়ার তীরের পাঁচ-ছয় লাখ মানুষ জোয়ারের সময় পানিবন্দী হয়ে পড়ছে। বাঁধ সংস্কার করা না হলে এসব মানুষ দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবলে পড়বে। কোনো বাঁধ না থাকায় মেঘনার উত্তর রাজাপুর, গাজীপুর, কাচিয়া বারাইপুর-রামদেবপুর, মদনপুর ইউনিয়ন, নেয়ামতপুর, মেদুয়াচর, চর পাতারচর, হাজীপুর ইউনিয়ন, চর নাসরিন, বাসনভাঙ্গারচর, চর জহিরউদ্দিন, সোনারচর, কলাতলীর ঢালচর, চর কুকরিমুকরি এবং তেঁতুলিয়া নদীর চর কচ্ছপিয়া, সিকদারেরচরসহ ৫০টি চর জোয়ারের সময় প্লাবিত হচ্ছে। জোয়ারের সময় এসব চরের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ছে।পাউবোর ভোলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাসির উদ্দিন বলেন, ‘ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের জন্য ইতিমধ্যে আমরা কিছু দরপত্র আহ্বান করেছি, কিছু কার্যাদেশ দিয়েছি। এ ছাড়া কিছু দরপত্র আহ্বান করা হবে।’