ভোলায় বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে
ভোলা শহর রক্ষা বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে লোকালয়ে। পাঁচ দিন ধরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জিও টেক্সটাইল ব্যাগ ও মাটির বস্তা ফেলে পানি প্রবেশ বন্ধে চেষ্টা চালিয়েও পানি ঠেকাতে পারছে না। বুধবার দুপুরে আবার বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করতে দেখা গেছে। পাউবো কর্তৃপক্ষের দাবি, জোয়ারের গতিবেগ তীব্র হওয়ায় তারা চেষ্টা করেও পানি প্রবেশ থামাতে ব্যর্থ হচ্ছে।পাউবো ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় আধা কিলোমিটার অংশ ভেঙে গেছে। গত এক মাস ধরে শহর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত ওই অংশের পাশ দিয়ে পাউবো একাধিক মাটির বস্তা ও মাটি ফেলে শহরে পানি প্রবেশ ঠেকানোর চেষ্টা করে আসছে। কিন্তু পাঁচ দিন ধরে জোয়ারের স্রোত ও ঢেউ বৃদ্ধি পেয়েছে। এ কারণে বাঁধটি আবার ভেঙে গিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। পরে বাঁধের ওপর পাউবো আবার এক কোটি টাকার জিও টেক্সটাইল ব্যাগ ফেলে বাঁধ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করছে।গত বুধবার বিকেল চারটায় সরেজমিনে দেখা গেছে, পাউবো একদিকে জিও টেক্সটাইল ব্যাগ ফেলছে, অপর দিক দিয়ে পানি প্রবেশ করছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বালিয়াকান্দি এলাকার বাসিন্দা ইখতিয়ার উদ্দিন বলেন, বাঁধ যখন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখনই জিও টেক্সটাইল ব্যাগ ফেলা উচিত ছিল। তখন ফেলেছে মাটির বস্তা। তা ছাড়া এভাবে বন্যার পানি সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা গেলেও ভাঙন প্রতিরোধ করা সম্ভব নয়। ভোলা পাউবোর উপসহকারী প্রকৌশলী ফজলে এলাহী বলেন, ভাঙনের তীব্রতা খুব বেশি। প্রতিদিন পাঁচ-সাত মিটার করে বাঁধ ভাঙছে। তার ওপর রয়েছে তীব্র জোয়ার। বাঁধ ঠেকানো যাচ্ছে না। নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, ‘বাঁধ ছুটে যাতে শহর ডুবে না যায়, এ জন্য আমরা বিকল্প রিং বাঁধের ব্যবস্থা করছি। শহরে পানির প্রবেশ ঠেকাতেও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’