ভোলায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি
জোয়ারের পানির তোড়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ গতকাল সোমবার ভেঙে গেছে। এতে উপজেলার পক্ষিয়া ও বড় মানিকা ইউনিয়নের অন্তত দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। যাদের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে, তারা মালামাল ও গবাদিপশু নিয়ে রাস্তা ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। এ ছাড়া ভোলা সদর ও দৌলতখান উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধেরও দুই-তৃতীয়াংশ ভেঙে গেছে। গত রাতের মধ্যে এই বাঁধ পুরোপুরি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে ভোলা শহর ও দৌলতখান উপজেলা সদর প্লাবিত হতে পারে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ও বড় মানিকা ইউনিয়নের লামছিধলি গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুটি স্থানে প্রায় ৫০ মিটার ভেঙে গেছে। এতে অসংখ্য পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তারা শুকনো কাপড়চোপড় ও গবাদিপশু নিয়ে রাস্তায় উঠেছে। ভাটার সময় আবার ঘরে ফিরবে বলে জানায়। আর যাদের বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে তারা আসবাব ও গবাদিপশু নিয়ে রাস্তা ও উঁচু স্থানে চলে গেছে।বড় মানিকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমরান হোসেন বলেন, বাঁধ ভেঙে যাওয়ায় পক্ষিয়া ইউনিয়নের লামছিধলি ও আলিমুদ্দিন এবং বড় মানিকা ইউনিয়নের দক্ষিণ বাটামারা, বাংলাবাজার ও দারোগার চর গ্রামের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। দুটি ইউনিয়নের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান মেঘনায় বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, বাঁধ ভেঙে যাওয়ার পর পরই দৌলতখান-উদয়পুর সড়কের পাশ দিয়ে বাংলাবাজার এলাকায় জরুরি ভিত্তিতে বিকল্প বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। এই বাঁধ নির্মাণ করা গেলে গ্রামবাসী পানিবন্দী অবস্থা থেকে মুক্তি পাবে। এদিকে সদর উপজেলার কাচিয়া ও ধনিয়া ইউনিয়ন, দৌলতখানের ভবানীপুর ও সৈয়দপুর এবং বোরহানউদ্দিনের হাসান নগর ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধও হুমকির মুখে পড়েছে। সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের পশ্চিম কাচিয়া ও খড়কি গ্রাম, ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এবং দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান বাজার ও সৈয়দপুর ইউনিয়নের গুপ্তের বাজার এলাকার বাঁধের দুই-তৃতীয়াংশ ইতিমধ্যে ভেঙে গেছে। বাঁধ পুরোপুরি ভেঙে গেলে সদর ও দৌলতখান উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।