ভোলায় বাঁধ রক্ষার কাজে অনিয়মের অভিযোগ
ভোলা শহর রক্ষা ব্লকবাঁধে ধস ঠেকানোর কাজে ধীরগতি এবং ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ধস ঠেকানো তো দূরের কথা, উজানের স্রোতে প্রায় ৫০০ মিটার ব্লকবাঁধ একেবারে বিলীন হয়ে গেছে। গত শুক্রবার সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।ধস ঠেকানোর জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে ৩৯ হাজার জিআই ব্যাগ ফেলে তার ওপর ব্লক বসানোর সিদ্ধান্ত নেয়। পাউবো সূত্র জানায়, ধস নিয়ন্ত্রণে ব্লকের মুখে একটি জিআই ব্যাগের মধ্যে ১২৫ কেজি বড় দানার টোকবালু ভরে ওই ব্যাগ নদীতে ফেলার নিয়ম আছে। কিন্তু ওই ব্যাগে চিকন দানার বালু দেওয়ায় তা ধুয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। ফলে জিআই ব্যাগ ফেলে কোনো লাভ হচ্ছে না।পাউবো ও স্থানীয় লোকজন জানায়, উজানের তীব্র স্রোতে গত ১৫ আগস্ট রাত থেকে ভোলা শহর রক্ষা বাঁধে ধস শুরু হয়। এতে ভোলাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। তারা টানা এক সপ্তাহ আন্দোলন করে। ভোলা পাউবোর সহকারী প্রকৌশলী ফজলে এলাহী বলেন, বৈরী আবহাওয়া এবং ঈদের কারণে বস্তা ফেলার কাজ ধীরগতিতে এগিয়েছে। তবে ইতিমধ্যে প্রায় অর্ধেকের মতো কাজ সম্পন্ন হওয়ার পথে। নিম্নমানের বালু ও বস্তা এবং বস্তায় বালু কম দেওয়ার ব্যাপারে প্রকৌশলী বলেন, ঢাকা থেকে আসা নির্বাহী প্রকৌশলী বালু নিম্নমানের দাবি করে পরীক্ষা করতে নিয়ে গেছেন।