ভোলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২
ভোলার সদর উপজেলায় আজ শনিবার ভোরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ ভোরে একটি মাইক্রোবাস চরফ্যাশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। সাড়ে ছয়টার দিকে মাইক্রোবাসটি সদর উপজেলার কন্ট্রাকটর বাড়ির সামনে হেলে পড়া গাছকে পাশ কাটাতে যায়। এ সময় ‘নয়নমণি’ নামের ওই যাত্রীবাহী বাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক আবদুল জলিল (৩৫) ও সামনে বসা যাত্রী নুরুন্নবী (৪০) নিহত হন। দুর্ঘটনায় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
দুর্ঘটনায় মাইক্রোবাসের গুরুতর আহত ছয় যাত্রীর তিনজনকে ভোলার সদর হাসপাতাল এবং তিনজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।