ভোলায় বিএডিসির আলুবীজে চারা গজায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসেও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনেক আলুবীজ থেকে চারা না গজানোয় ভোলার চাষিদের মাথায় হাত পড়েছে। এ কারণে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়ে আছে কৃষি বিভাগ।
কৃষি কার্যালয় সূত্র ও সরেজমিন ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় এ বছর প্রায় ছয় হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এ পরিমাণ জমির জন্য প্রায় ১২ হাজার মেট্রিক টন বীজ দরকার। ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, চরফ্যাশনসহ জেলার বিভিন্ন উপজেলায় ২০২ হেক্টর আলুখেতে চারা গজায়নি। এ কারণে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে কয়েক শ কৃষকের। ক্ষতিগ্রস্ত খেতগুলোতে বিএডিসির বীজ লাগানো হয়েছিল; যার পরিমাণ প্রায় ৪০০ মেট্রিক টন। কয়েক দিন (২৪-৩১ ডিসেম্বর) ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় বেশ কয়েকটি আলুখেত ঘুরে দেখা যায়, বিএডিসির বীজ লাগানো খেতে শতকরা ১০-৪৫ ভাগ চারা গজিয়েছে; তাও দুর্বল। অনেক বীজ তুলে দেখা যায় সেগুলো পচে গেছে।
সদর উপজেলার ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি বিলের আলুচাষি সামসুদ্দিন ব্যাপারী এ বছর এক হাজার ৯২০ শতাংশ জমিতে আলু চাষ করেছেন। তিনি বলেন, এ পরিমাণ জমিতে বিএডিসির বীজ লাগিয়ে ইতিমধ্যে তাঁর প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ বছর তিনি ভোলার ডিলার নাজিম উদ্দিনের মালিকানাধীন সোহাগ ট্রেডার্স থেকে এক মেট্রিক টন বীজ কিনেছেন। কিন্তু তাঁর ২০-৩০ ভাগ বীজে চারা গজিয়েছে; বাকিগুলো পচে গেছে।
বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের রানীগঞ্জের আলুচাষি ছগির মাস্টারসহ অনেক কৃষক একই রকম অভিযোগ করেন। তাঁদের মধ্যে কয়েকজন নিজেদের ক্ষতি এবং ঋণ পরিশোধের চিন্তার কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী ও গুপ্তমুন্সি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন চন্দ্র বলেন, ‘বীজ নষ্ট হওয়ার কারণে এক মাস পরেও চারা গজায়নি। অঙ্কুরিত না হওয়ার খবর পেয়েছি। তবে কৃষকেরা যখন বিষয়টি টের পেয়েছেন, তখন জানাননি।’
বিএডিসির ডিলার নাজিম উদ্দিন বলেন, ‘হরতাল-অবরোধের কারণে ফরিদপুরের পরিবর্তে চাঁদপুর থেকে কার্গোতে করে বীজ এনে বিক্রি করেছি। বীজ নষ্ট ছিল কি না তা বিএডিসি বলতে পারবে।’
বিএডিসি চাঁদপুরের উপপরিচালক কামাল উদ্দিন বলেন, হিমাগার থেকে যে বীজ বের করা হয় তা স্পর্শকাতর; রোদ-তাপ সহ্য করার ক্ষমতা কম। ডিলারকে বারবার বলা সত্ত্বেও তাঁরা পাঁচ-সাত দিন নদীর ঘাটে বীজের বস্তা ফেলে রেখেছেন। পরে কার্গো-জাহাজে ঠাসাঠাসি করে বোঝাই অবস্থায় গন্তব্যে নিয়েছেন। এ কারণে বীজগুলোর হিট ইনজুরি হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার উপপরিচালক শান্তি রঞ্জন মণ্ডল বলেন, ‘বিএডিসির খারাপ বীজের কারণে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে কি না তা নিয়ে সংশয় আছে। কৃষকের ক্ষতি হলে আলু আবাদে ভাটা পড়বে। এ জন্য আমরা বিএডিসির বিরুদ্ধে মন্ত্রণালয়ে কৃষকের ক্ষতিপূরণ আদায়ে লিখিত অভিযোগ দাখিল করব।’