ভোলায় বিএনপির অর্ধদিবস হরতাল পালিত
ভোলা সদর উপজেলায় গতকাল সোমবার বিএনপির ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতাল পালনকারীরা পৌরসভার পিকআপ ভ্যান ও তিনটি অটোরিকশা ভাঙচুর করেন। জেলা থেকে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ ছিল।
উপজেলা নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দল-সমর্থিত প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পুলিশের গণগ্রেপ্তার ও ‘নির্যাতন’ বন্ধের দাবিতে জেলা বিএনপি গতকাল সদর উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দেয়। গত রোববার হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক মিয়া অভিযোগ করে বলেন, ১৫ মার্চ অনুষ্ঠেয় সদর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনে বিএনপি-সমর্থিত প্রার্থীর কর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া তাঁদের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।