ভোলায় বিএনপির একাংশের বিক্ষোভ
ভোলা-৩ আসনের সাবেক সাংসদ এবং বিএনপির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদকে তাঁর পদ থেকে অপসারণের দাবিতে গত দুই দিন লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় রোডমার্চ, বিক্ষোভ ও পথসভা হয়েছে। হাফিজ উদ্দিনকে সংস্কারবাদী অভিহিত করে দলে তাঁর বিরোধীরা এসব কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় তজুমদ্দিন থেকে বিএনপির হাফিজবিরোধী নেতা-কর্মীরা উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে হেঁটে রোডমার্চ করে লালমোহনে আসেন। তাঁরা পৌরসভার চৌরাস্তা মোড়ে পথসভা করেন। পথসভা শেষে তাঁরা রোডমার্চ করে তজুমদ্দিনে ফিরে যান এবং সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিক্ষোভ শেষে মোস্তাফিজুর চত্বরে প্রতিবাদ সভা করেন। তজুমদ্দিন উপজেলায় বৃহস্পতিবার পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, জহিরুল ইসলাম, অজিউল্লাহ মিয়া, সালাউদ্দিন বাবুল ও ছাত্রদলের নেতা নূর ইসলাম।সভায় বক্তারা বলেন, ‘হাফিজ উদ্দিন গত ছয়বার এ আসন থেকে নির্বাচিত হলেও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করছেন না। তিনি ১/১১-এর সময়ের সংস্কারবাদী। আর আমরা মূল ধারার নেতা-কর্মীরা তখন বেগম খালেদা জিয়ার নির্দেশে মাঠে অবস্থান নিয়ে অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছি। আজ সেই ত্যাগীদের সংগঠনের কমিটিতে ঠাঁই নেই। আমরা হাফিজের অপসারণ চাই।’ তাঁরা লালমোহন ও তজুমদ্দিনে গঠনতন্ত্র মেনে ওয়ার্ড থেকে উপজেলা পর্যায় পর্যন্ত কমিটি গঠনের দাবি জানান। এদিকে গত বুধবার বিকেলে লালমোহনে হাফিজবিরোধী নেতা-কর্মীরা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ ও পথসভা করেন। এসব পথসভায় বক্তব্য দেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিচল হক মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক জসিমউদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, মনিরুজ্জামান, নিয়াজ হোসেন প্রমুখ। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমি ১/১১-এর পর দুটি নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছি। কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি হয়েছি। এখন আমাকে সংস্কারবাদী বলা অমূলক। আসলে যাঁরা আমার বিরোধিতা করছেন, তাঁরা বিএনপির কেউ নন, তাঁরা আওয়ামী লীগের বি-টিম।’ কমিটি গঠন প্রশ্নে তিনি বলেন, ‘আমি ২৬ বছর রাজনীতি করছি, আমি জানি, কাকে দিয়ে বিএনপি এগিয়ে যাবে।’