ভোলায় বিএনপির সাবেক সাংসদের গাড়িবহরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাজার এলাকায় গতকাল শুক্রবার দুপুরে সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীমের গাড়িবহরে হামলা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়ার পক্ষে প্রচারণা চালাতে উপজেলায় আসেন ভোলা-২ আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীম। দুপুর সাড়ে ১২টার দিকে বোরহানউদ্দিন বাজারে প্রবেশ করলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাব্বতজান চৌধুরীর সমর্থকেরা তাঁর গাড়িবহরে হামলা চালিয়ে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২২ জন আহত হন। তাঁদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া বিএনপির আরও ২০ সমর্থক আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন হাফিজ ইব্রাহীমের গাড়িবহরে হামলা চালিয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নীরব ভূমিকা পালন করেন।
মোহাব্বতজান চৌধুরী বলেন, ‘আমার কর্মীরা হাফিজ ইব্রাহীমের গাড়িবহরে হামলা করেননি। উল্টো বিএনপির লোকজন আমার গণসংযোগ চালাকালে হামলা চালিয়েছেন।’