ভোলায় বিদ্যুতের দাবিতে তিনটি কার্যালয় ভাঙচুর
বিদ্যুৎ না পেয়ে ভোলার গ্রাহকেরা ফুঁসে উঠছেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ভোলা সদর উপজেলার বাংলাবাজার, লালমোহন ও চরফ্যাশন উপজেলার পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও করে মিছিল করেন। একপর্যায়ে তাঁরা কার্যালয়গুলোতে ভাঙচুর করেন।
ভুক্তভোগীরা জানান, ভোলায় এক মাস ধরে বারবার লোডশেডিং হচ্ছে। বেশির ভাগ এলাকায় একবার এসে ১০ মিনিট থাকার পর আবার চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বছর জুলাই মাসে ভোলার গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র বিকল হওয়ার পর থেকে জেলার বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি শুরু হয়। এ নিয়ে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করতে থাকে। এ অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গ্রাহকেরা ক্ষিপ্ত হয়ে গতকাল তাঁরা সংঘবদ্ধ হয়ে উল্লিখিত তিন এলাকার পল্লী বিদ্যুতের কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করেন।
ভোলা বাংলাবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সোহরাব আলী বিশ্বাস ও লালমোহন কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সঞ্জিত কুমার মণ্ডল জানান, তাঁরা বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছেন। ৬৫ হাজার গ্রাহকের জন্য দৈনিক ২১ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচ-ছয় মেগাওয়াট। তাই ঘন ঘন লোডশেডিং হচ্ছে।