ভোলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু
ভোলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা মোশারেফ হোসেন (৩০) ও তাঁর স্ত্রী সেলিনা বেগম (২৫)।
ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোশারেফের ফুফু শাশুড়ি রাবেয়া বেগম (৪৮)। তাঁকে ভোলা সদর হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে। নিহত দম্পতির ছয় বছরের একটি মেয়ে আছে।
নিহত দম্পতির স্বজনেরা জানান, বিদ্যুতের খাম্বা থেকে মোশারেফ হোসেনের ঘরে নেওয়া বিদ্যুত্সংযোগ লাইনের তারটি ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে মোশারেফ ছেঁড়া তার ধরলে বিদ্যুত্স্পৃষ্ট হন। তাঁর স্ত্রী সেলিনা বেগম স্বামীকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চিত্কার করেন। তাঁদের দুজনের চিত্কারে সেলিনা বেগমের ফুফু রাবেয়া বেগম বিদ্যুতের কবল থেকে স্বামী-স্ত্রী উভয়কে উদ্ধার করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে বাড়ির লোকজন তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক ভর্তির আগেই মোশারেফ হোসেন ও সেলিনা বেগমকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত ফুফুকে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।