ভোলায় বিদ্যুৎ নিয়ে তামাশা
উদ্বোধন হওয়ার আট দিন পরও ভোলার ভাড়াভিত্তিক ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেড তাদের নতুন ২৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র চালু করতে পারেনি। চালু করতে পারেনি নয় মাস আগে বিকল হওয়া সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রও। বিদ্যুৎ কেন্দ্র দুটি আদৌ চালু হবে কি না, তা বলতে পারছে না পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ সংস্থা (ওজোপাডিকো) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও (পিডিবি)।
ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেডের কর্মকর্তারা মুঠোফোন বন্ধ করে রেখেছেন।
পিডিবি সূত্র জানায়, গত বছরের ১১ আগস্ট থেকে ভেঞ্চারের সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎ পাদন কেন্দ্র বিকল হয়ে পড়ে আছে। এর পর থেকে ওই কেন্দ্রের কর্মকর্তারা একাধিকবার কখনো শিগগিরই, কখনো কাল-পরশু চালু করার আশ্বাস দিয়েছেন। ওই কেন্দ্র চালু হতে না হতেই ভোলায় প্রতিষ্ঠানটির আরেকটি কেন্দ্রের উদ্বোধন করা হয় গত ২৫ এপ্রিল। ওই দিন সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের চর সিফলী এলাকায় গ্যাসভিত্তিক ২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎ পাদন কেন্দ্রের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় বিদ্যুৎ -সচিব মনোয়ার ইসলাম বলেন, ‘ভোলায় আর বিদ্যুতের সমস্যা হবে না।’ আর ভেঞ্চার এনার্জি রিসোর্সের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা বলেছিলেন, বাংলাদেশের যেকোনো স্থানে বিদ্যুতের লোডশেডিং হতে পারে, আশা করছি, ভোলায় আর কখনো লোডশেডিং হবে না।’
ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী আবদুল মাজেদ প্রথম আলোকে বলেন, কোনো কেন্দ্র গতকাল পর্যন্ত চালু হয়নি। কবে চালু হবে বলা যাচ্ছে না। একই কথা বলেন পিডিবির ভোলা বিদ্যুৎ উৎ পাদন কেন্দ্রের ব্যবস্থাপক ফজলুল হক। তিনি বলেন, ‘ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেডের কোনো কর্মকর্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক কষ্টে খোঁজ নিয়ে জানতে পারলাম যে, ২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎ পাদন কেন্দ্রটি (২৫ এপ্রিল) উদ্বোধন হলেও তারা সেটি চালু করতে ব্যর্থ হয়েছে। শিগগিরই চালু করতে পারবে না। সাড়ে ৩৪ মেগাওয়াট কেন্দ্রটি চালু করতে গিয়েও ব্যর্থ হয়েছে। সে কারণে তারা যোগাযোগের সব পথ বন্ধ করে রেখেছে।’
এদিকে গত বৃহস্পতিবার ও শুক্রবার ছুটির দিনেও ভোলায় ব্যাপক লোডশেডিং হয়েছে। দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের বাসিন্দা মো. মহিন গতকাল বলেন, ‘গত দুই দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ পেয়েছি।’
ভোলা শহরের ওয়েস্টার্নপাড়ার বাসিন্দা রাজীব হাসান বলেন, ‘উদ্বোধনের পর দিনে কয়েক শ বার বিদ্যুৎ আসছে আর যাচ্ছে। এভাবে বারবার বিদ্যুতের লুকোচুরি খেলায় বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে।’
ভোলার নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন বলেন, ‘বিদ্যুৎ নিয়ে ভেঞ্চার এনার্জি তামাশা শুরু করেছে। এখন আমাদের ভেঞ্চার হটাও আন্দোলনে নামা উচিত।’
ভোলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এম ফারুকুর রহমান বলেন, ‘ভেঞ্চার এনার্জি রিসোর্সের কর্মকর্তারা মিথ্যাবাদী। তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে।’