ভোলায় বিদ্যুৎকেন্দ্র বন্ধ পাঁচ দিন, গ্রাহকেরা ভোগান্তিতে
ভোলা সদর উপজেলার খেয়াঘাট এলাকায় স্থাপিত সাড়ে ৩৪ মেগাওয়াট গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ থাকায় গত সোমবার থেকে জেলার ছয়টি উপজেলার মানুষ প্রায় অন্ধকারে দিন কাটাচ্ছে।ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেডের (রেন্টাল প্ল্যান্ট) নামের একটি প্রতিষ্ঠান পরিচালিত প্ল্যান্টটি গত সোমবার বিকেলে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এতে চরফ্যাশন, লালমোহন, তজুমদ্দিন, বোরহানউদ্দিন, দৌলতখান ও ভোলা সদর উপজেলায় বিদ্যুতের সরবরাহ ব্যাহত হচ্ছে। এসব উপজেলার ভুক্তভোগীরা বলেন, সোমবার থেকে ২৪ ঘণ্টায় গড়ে দুই থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন তাঁরা।এদিকে গতকাল শুক্রবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নাগরিক সমাজ আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ৩৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও তাঁদের ভোগান্তি শেষ হচ্ছে না। মো. শাজাহানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভোলার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, ফিরোজ কিবরিয়া, হারুন অর রশিদ প্রমুখ।ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিভিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ভোলার নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, সোমবার কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় জেলায় চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেডের (রেন্টাল প্ল্যান্ট) ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, প্ল্যান্টে ত্রুটি দেখা দেওয়ায় এটি বন্ধ আছে। আশা করা হচ্ছে, আগামী ২০-২৫ দিনের মধ্যে আবার প্ল্যান্টটি চালু হবে।