ভোলায় বৃদ্ধ ও নড়াইলে ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন ও লালমোহন উপজেলার সীমান্তবর্তী এলাকায় গত বৃহস্পতিবার রশিদ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে খুন করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া নড়াইলের লোহাগড়া উপজেলায় বৃহস্পতিবার দিবাগত রাতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে স্বাধীন মোল্লা (৪২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের ভাষ্যমতে, ওই দিন চরফ্যাশনের উত্তর ফ্যাশন গ্রামের রশিদ মিয়া পাশের লালমোহনের কর্তারহাট বাজারে মাগরিবের নামাজ আদায় করেন। সেখান থেকে তিনি বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে মুখোশধারী ১০-১২ জন দুর্বৃত্ত তাঁকে দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। খবর পেয়ে দুই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, জমিজমা নিয়ে রশিদের সঙ্গে তাঁর আত্মীয়সহ বিভিন্ন লোকের অর্ধশতাধিক মামলা রয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যার রহস্য জানা যাবে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।লোহাগড়া থানার পুলিশ ও এলাকাবাসীর কয়েকজন জানান, উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে স্বাধীন মোল্লা ও রিপন মোল্লা ভুসিমালের ব্যবসায় করতেন। টাকার হিসাব নিয়ে ছোট ভাই রিপনের সঙ্গে স্বাধীনের গত মঙ্গলবার তর্ক হয়। এ ঘটনায় ওই দিনই রিপন বাড়ির সামনে স্বাধীনের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে নড়াইল সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। লোহাগড়া থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।