ভোলায় বোমা নিয়ে খেলতে গিয়ে দুই শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামে বোমা বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। বাড়ির বাসিন্দা ও পুলিশের ভাষ্য, বল ভেবে বোমা নিয়ে খেলার সময় এগুলো বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিশুরা হচ্ছে ওই গ্রামের মো. ইউসুফের ছেলে হাসনাঈন (৭) ও মৃত আলাউদ্দিনের ছেলে মো. নাঈম (৬)। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা তিনটার দিকে হাসনাঈন ও নাঈম বাড়ির কাছে বোমা দুটি পেয়ে বল ভেবে সেগুলো নিয়ে খেলছিল। একপর্যায়ে সেগুলো বিস্ফোরিত হলে শিশু দুটির শরীরের বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি হয়। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিত্যানন্দ চৌধুরী বলেন, দুজনের অবস্থাই গুরুতর।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী বলেন, উপজেলা নির্বাচনের সময় জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ব্যবহারের জন্য দুষ্কৃতকারীরা বোমাগুলো তৈরি করেছিল। নির্বাচন শেষ হওয়ার পর সেগুলো বাড়ির পাশে ফেলে রাখা হয়। শিশুরা পেয়ে বল ভেবে খেলতে গেলে এগুলোর বিস্ফোরণ ঘটে। বোমাগুলো যারা ফেলে রেখেছে, তাদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে।