ভোলায় বোরোর আবাদ কমেছে
ভোলায় বোরো আবাদের জমির পরিমাণ কমে যাচ্ছে। সার, সেচ ও শ্রমের মূল্যবৃদ্ধি এবং ধানের দাম কম হওয়ায় কৃষকেরা বোরোর আবাদ ছেড়ে রবিশস্যের আবাদের দিকে ঝুঁকছেন।ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা মৃত্যুঞ্জয় দে জানান, ভোলায় ২০০৮-১০ পর্যন্ত প্রায় ৭০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর পর থেকে আবাদ কমতে শুরু করেছে। ২০১১ সালে আবাদ হয়েছে ৬৪ হাজার ৬৬ হেক্টরে এবং ২০১২ সালে ৬০ হাজার ১৫ হেক্টরে। আর চলতি বছর আবাদ হয়েছে ৫০ হাজার ৪৫ হেক্টরে। অর্থাৎ তিন বছরে জেলার প্রায় ২০ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ কমেছে। অপর দিকে গত দুই বছরে ভোলায় রবিশস্যের আবাদ বেড়েছে। চলতি বছর জেলার এক লাখ ২২ হাজার ৩৮৩ হেক্টরে রবিশস্যের আবাদ হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল এক লাখ ১২ হাজার ১৬৯ হেক্টর।দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বেনজির আহমেদের ভাষ্যমতে, তাঁর ব্লকের প্রায় পাঁচ হাজার হেক্টরের মধ্যে বিগত বছরগুলোতে তিন হাজার হেক্টরে বোরো ও বাকি দুই হাজার হেক্টরে সয়াবিন, গম, খেসারিসহ অন্যান্য ফসলের চাষ হতো। এ বছর সেখানে মাত্র এক হাজার ১৫০ হেক্টরে বোরো আবাদ হয়েছে। মদনপুরের চর পদ্মা গ্রামের কৃষক কাঞ্চন মাঝি জানান, গত বছর তিন একর ২০ শতাংশ জমিতে বোরো আবাদ করে তাঁর ৪০ হাজার টাকা লোকসান হয়েছে। এর আগের বছর ৬০ হাজার টাকা লোকসান হয়েছে। এ জন্য এ বছর তিনি বোরো আবাদ করেননি। ক্ষতি পুষিয়ে নিতে আলু, সয়াবিন ও খেসারির চাষ করেছেন। এতে তাঁর দ্বিগুণ লাভ হবে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তি রঞ্জন মল্লিক বলেন, এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ৯০ শতাংশ অর্জিত হয়েছে। ১০ শতাংশ না হওয়ার প্রধান কারণ খালে পানি নেই। ভোলায় দীর্ঘদিন ধরে খাল খনন হচ্ছে না।