ভোলায় ভাইরাসজনিত রোগে মরছে মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইরাসজনিত রোগে ভোলার পুকুর ও ঘেরে চাষ করা রুই, কাতল,পাঙাশ, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যাচ্ছে। গত এক মাসে প্রায় ১০ কোটি টাকার মাছ মারা গেছে বলে খামারের মালিক ও মৎস্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মৎস্যচাষি সফি মাল জানান, তিনি আট বছর ধরে পাঙাশ ও তেলাপিয়া মাছ চাষ করছেন। এ বছর তাঁর ১১ লাখ টাকার মাছ মারা গেছে। মারা যাওয়ার আগে মাছের গায়ে শ্যাওলা জমছে এবং মুখ লাল হয়ে যাচ্ছে। একই ইউনিয়নের লাভু হাওলাদার দাবি করেন, তাঁর প্রায় আট লাখ টাকার মাছ মারা গেছে। চরসামাইয়্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন মাতব্বর জানান, তাঁর ইউনিয়নে বিভিন্ন পুকুর ও ঘেরের প্রায় দেড় কোটি টাকার মাছ মারা গেছে।বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের যাদব চন্দ্র দের মাছের ঘেরে গিয়ে দেখা যায়, পাঙাশসহ প্রায় সব প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। তিনি জানান, প্রথমে মাছগুলো ভেসে উঠে অনেক সময় ধরে ছটফট করে তলিয়ে যায় এবং চার-পাঁচ ঘণ্টা পরে মরে ভেসে উঠছে। তবে এর মধ্যে পাঙাশ মাছের সংখ্যা বেশি। তাঁর পাঁচ লাখ টাকার মাছ মারা গেছে।খোঁজ নিয়ে জানা যায়, ভোলা সদরের ধনিয়া, আলীনগর, ভেলুমিয়া, ভেদুরিয়া, পশ্চিম ইলিশা, চরসামাইয়্যাসহ ১৩ ইউনিয়নের দুই হাজার পুকুরের তিন কোটি টাকার মাছ মারা গেছে।বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নের জাহের মাতব্বর, বাদল চন্দ্র দে, বাচ্চু তালুকদার, জাহাঙ্গীর মাতব্বর, জাফর মাতব্বর, রাজ্জাক ফকিরের ঘেরের মাছও একইভাবে মারা যাচ্ছে। এ উপজেলার দুই শতাধিক ঘেরের অধিকাংশ পুকুর ও ঘেরের প্রায় দুই কোটি টাকার মাছ মারা গেছে।জেলার সাত উপজেলার মৎস্য কার্যালয়গুলোর সূত্রে জানা গেছে, সাত উপজেলার প্রায় ৭০ হাজার পুকুর ও ঘেরে মাছের চাষ হচ্ছে। এসব পুকুর ও ঘেরের প্রায় ১০ কোটি টাকার পাঙাশ, তেলাপিয়াসহ অন্যান্য প্রজাতির মাছ মারা গেছে।চাষিরা জানায়, তাঁরা ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষে নেমেছেন। বিক্রির উপযুক্ত না হওয়ায় আগেই মাছ মারা যাচ্ছে। অনেক চাষি ক্ষতি পোষাতে রোগাক্রান্ত মাছ বিক্রি করছেন। কিন্তু মাছ বাঁচানোর উপায় খুঁজে পাচ্ছেন না।বোরহানউদ্দিনের ঘেরমালিক জাহের মাতব্বর জানান, মাছ মরা শুরু হওয়ার পর দোকানদারের কথামতো ওষুধ দিয়ে কোনো কাজ হয়নি। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদারের ভাষ্য, ‘ভাইরাস ও শীতে এসব মাছ মারা গেছে। এ রোগ ভোলায় নতুন। এ রোগ থেকে মাছ বাঁচানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।’জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক জানান, যেসব পুকুর ও ঘেরের মাছ ভাইরাসজনিত রোগে মারা যাচ্ছে সেসব পুকুর ও ঘেরের পানি পাল্টাতে হবে। পাশাপাশি এসব পুকুর ও ঘেরে পরিমাণমতো চুন প্রয়োগ করতে হবে। এ ছাড়া অক্সিজেনের অভাবে যদি মাছ মারা যায়, তবে পুকুর ও ঘেরে ‘অক্সিকোন’ নামের ওষুধ ছিটাতে হবে।