ভোলায় ভাঙনের কবলে ১৫ হাজার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় ভোলা সদর উপজেলার তিনটি ইউনিয়নে মেঘনা তীরের প্রায় ১৫ হাজার পরিবারের ঘরবাড়ি ও ফসলী জমি ভাঙনের কবলে পড়েছে। আসন্ন বর্ষা মৌসুমে ভাঙন তীব্র হলে এসব পরিবারের ঘরবাড়ি ও জমি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনেক পরিবার এখনই ঘরবাড়ি ভেঙে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। এ ছাড়া ওই তিনটি ইউনিয়নের দুই শতাধিক প্রতিষ্ঠান ভাঙনের হুমকির মুখে রয়েছে। গত ২৯ মার্চ সরেজমিনে দেখা যায়, ভোলার ধনিয়া লঞ্চঘাট এলাকা থেকে ইলিশা বিশ্ব রোডের মাথা পর্যন্ত প্রায় সাড়ে আট কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অধিকাংশই গত বর্ষা মৌসুমে ভাঙনে বিলীন হয়েছে। ধনিয়া, কাঁচিয়া ও পূর্ব-ইলিশা ইউনিয়নের ৩০০-৪০০ পরিবার এলাকা ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এসব পরিবার বাড়ির গাছ কেটে ফেলছে। মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছে। ভাঙন প্রতিরোধ ও তীর সংরক্ষণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শীত মৌসুমেও প্রতিদিন ওই এলাকায় ভাঙন অব্যাহত ছিল। ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার নিজাম উদ্দিন মেঘনা নদী থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কৃষিজমিতে নতুন বসত গড়ে তোলার প্রস্তুতি শুরু করেছেন। তিনি বলেন, শুষ্ক মৌসুমে মেঘনার ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই আগেভাগে শেষ সম্বল কৃষিজমিতে ঘরবাড়ি তৈরির জন্য পুকুর কেটে মাটি ফেলছি।ধনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদ হোসেন, কাঁচিয়া ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম ও পূর্ব-ইলিশা ইউপি চেয়ারম্যান মো. সিরাজ জানান, শুধু বাড়িঘরই নয়, বর্তমানে পশ্চিম ধনিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, আলহেরা বালিকা বিদ্যালয়, টগবী মাধ্যমিক বিদ্যালয়, খন্দকারবাড়ি প্রাথমিক বিদ্যালয়, ধনিয়া বালিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয়, দত্তবাড়ি প্রাথমিক বিদ্যালয়, সাহমাদার মাধ্যমিক বিদ্যালয়, মুরাদসফুল্লাহ প্রাথমিক বিদ্যালয়, নাজিউর রহমান ডিগ্রি কলেজ, ইসলামিয়া ডিগ্রি কলেজ, হালিমা খাতুন কলেজ, পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজসহ দুই শতাধিক স্কুল-কলেজ, ব্যাংক, ইউপি কার্যালয়, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, কমিনিউটি ক্লিনিক, খাদ্য গুদাম, কৃষি বীজ গুদাম, মাদ্রাসা-মসজিদ ভাঙনের হুমকির মুখে রয়েছে। এ বছর বর্ষায় এসব প্রতিষ্ঠান বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।পাউবো ভোলা-১-এর নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, ‘মেঘনার তীর সংরক্ষণে ব্লক ফেলা ছাড়া ভাঙনের তীব্রতা কমানো যাবে না। এ জন্য সরকার ১০৩ কোটি টাকা বরাদ্দ করলেও তহবিলে মাত্র দুই কোটি টাকা রয়েছে। তার পরও আমরা প্রায় ৫০ কোটি টাকার দরপত্র আহ্বান করেছি। দরপত্র মূল্যায়ন চলছে। এপ্রিল-মের আগে কার্যাদেশ দেওয়া সম্ভব হচ্ছে না।’