ভোলায় মরে যাচ্ছে ফলন্ত তরমুজগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার ফলন্ত তরমুজগাছ মরে যাচ্ছে। কৃষকের দাবি, লবণের প্রভাবে এটি হচ্ছে। অন্যদিকে কৃষি অফিস বলছে, তরমুজগাছ ছত্রাকজনিত রোগে মরে যাচ্ছে।৭ মার্চ সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের প্রায় সব খেতেই ফলন্ত তরমুজগাছ শুকিয়ে মরে যাচ্ছে। যে গাছগুলো বেঁচে আছে, সেগুলোর পাতাও হলুদ হয়ে গেছে। ফলগুলো বড় হচ্ছে না। মড়ক লেগেছে মরিচের খেতেও। মরিচগাছ হলুদ হয়ে যাচ্ছে।ভেদুরিয়া ইউনিয়নের পাতা ভেদুরিয়া গ্রামের কৃষক জসিম উদ্দিন জানান, তিনি প্রায় ২০ বছর ধরে কৃষিকাজ করছেন। বাঁধ না থাকায় প্রতিবছরই জ্যৈষ্ঠ মাসে তাঁদের এলাকায় জোয়ারের পানি ওঠে। কিন্তু গত বছরের চৈত্র মাসে হঠাৎ আগাম জোয়ার-বন্যা হয়। তখন খেতে ছিল বোরো, তরমুজ, মরিচ, মুগ ও তিল। ওই আগাম-বন্যার পানি বিষাক্ত লবণযুক্ত। সে জন্য মাত্র দু-তিন দিনের মধ্যেই সব ফসল পচে খেত খালি হয়ে যায়।উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চরগাজির তরমুজচাষি মোশারফ হোসেন জানান, গত বছর প্রচণ্ড শীতে তিনবার বীজ লাগিয়েও চারা ওঠাতে পারেননি। লবণাক্ত পানিতে পচে গেছে ফলভরা তরমুজগাছ। এতে তিন কানি (৪ একর ৮০ শতাংশ) জমিতে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। গত বছর মহাজনের দাদনের টাকা শোধ করতে না পারায় এ বছর আবার তরমুজের চাষ করতে বাধ্য হন। তিন একর জমির মধ্যে এক একরের ৩৫০টি ঝাড়ের প্রায় সব গাছ মরে গেছে।ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর পাঁচ হাজার ৫৫৭ হেক্টর জমিতে তরমুজের চাষ করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, প্রতিটি তরমুজের খেতেই কম-বেশি গাছ মরে যাচ্ছে।ভেলুমিয়ার তরমুজচাষি কামালউদ্দিন, মো. লোকমান ও আবদুন রশিদ জানান, ওষুধ বিক্রেতাদের পরামর্শ অনুযায়ী অনেক ওষুধ দিয়েছেন, কিন্তু উপকার পাচ্ছেন না। তবে কোনো কৃষি কর্মকর্তাকে না পাওয়ায় তরমুজগাছ কেন মরে যাচ্ছে, তা জানাতে পারেননি তাঁরা।ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি সরেজমিনে ঘুরে মরা তরমুজগাছ দেখেছি। তবে এ গাছ লবণাক্ত পানির প্রভাবে মরেনি, ছত্রাকজনিত রোগে মরে যাচ্ছে। ওষুধ দিলে ঠিক হবে।’