ভোলায় মাটি খুঁড়ে ত্রাণের টিন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলায় ত্রাণের ৮৬টি টিন উদ্ধার করা হয়েছে। পুলিশ গত শুক্রবার বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দাইয়্যা গ্রামের মো. শাজাহান ব্যাপারির পুকুরপাড়ের মাটি খুঁড়ে এগুলো উদ্ধার করে।স্থানীয় রফিক রাঢ়ি গত ৩০ ডিসেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ইউপি সদস্য শাজাহানের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে টিনগুলো উদ্ধার করে। ত্রাণ কার্যালয় সূত্র জানায়, টিনগুলোর গায়ে ‘২০০৭ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য’ ও ‘ত্রাণ মন্ত্রণালয়’ লেখা আছে।ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, টিনগুলো পলিথিনে পেঁচিয়ে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। এর ওপর করা হয়েছিল হলুদের চাষ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম ফকির বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনার পর থেকে শাজাহান পলাতক।