ভোলায় মেঘনায় নৌকা লুট মালিক নিখোঁজ
ভোলার লালমোহন বাত্তির খাল মাছ ঘাটের পূর্ব-দক্ষিণে উড়িরচরে মেঘনা থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে জলদস্যুরা আলমগীর মাঝির (৩৭) ১০ লাখ টাকা মূল্যের নৌকা নিয়ে গেছে। এ সময় ১৪ জেলেকে পিটিয়ে নদীতে ফেলে দেওয়া হয়। তাঁরা সাঁতরে ডাঙায় উঠলেও আলমগীর মাঝির খোঁজ পাওয়া যায়নি। আলমগীর মাঝির ভাই নান্ন মাঝি (৩৫) বলেন, তাঁরা দুই ভাইসহ ১৫ জন জেলে ইঞ্জিনের নৌকা নিয়ে বাত্তির খালের পূর্ব-দক্ষিণে উড়িরচর মেঘনায় জাল ফেলতে যান। রাত একটার দিকে হঠাৎ দস্যুর ট্রলার দেখে তাঁর ভাইকে ‘ডাকাত’ বলতেই তিনি অজ্ঞান হয়ে নদীতে পড়ে যান। এর মধ্যে ডাকাতেরা এসে তাঁদের মারধর করে নদীতে ফেলে ট্রলারটি নিয়ে যায়। পরে তাঁরা সাঁতরে অন্য নৌকায় উঠে ডাঙায় আসেন। দস্যুর হাত থেকে বেঁচে যাওয়া বাত্তির খালের মৎস্য ব্যবসায়ী মো. ফারুক বলেন, আলমগীর মাঝির ট্রলারটি এ ঘাটের সবচেয়ে দামি। তাঁর ছয় লাখ টাকার ঋণ রয়েছে।