ভোলায় যাত্রীরা ছিনতাইকারীদের কবলে
ঈদ উপলক্ষে ঢাকা থেকে ভোলায় আসা লঞ্চযাত্রীরা ছিনতাইয়ের শিকার হচ্ছে। ভোলা শহরের ১০ স্থানে গত কয়েক দিনে ১২টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।রিকশা ও ব্যাটারিচালিত অটোচালক ও ছিনতাইয়ের শিকার কয়েকজন যাত্রী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো মধ্যরাতে ভোলার ঘাটে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর ঘাট থেকে বাড়ি ফেরার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ১৪ আগস্ট রাত চারটায় ভেদুরিয়া ৪ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে দালালবাড়ীর নিজাম হক ও তাঁর বোন রাবেয়া বেগম ছিনতাইকারীদের কবলে পড়েন। নিজাম হক দাবি করেন, ওই রাতে তাঁদের ৭০ হাজার টাকার মালামাল ছিনতাই হয়েছে। একই রাতে চারজনের প্রায় দুই লাখ টাকার মালামাল ছিনতাই হয়।ভোলার পুলিশ সুপার বশির আহমদ দাবি করেন, ‘ছিনতাইয়ের ঘটনা বাড়ায় আমরা পুলিশের টহল বৃদ্ধি করেছি। এ ছাড়া রাত ১২টার পর ভাড়ায়চালিত মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’