ভোলায় যুবকের তিন কর্মী জেলে
ভোলার লালমোহন উপজেলায় যুবকের গ্রাহকদের পাওনা টাকা চাইতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তিনজন। তাঁরা এখন জেলহাজতে। তাঁরা হচ্ছেন বনি আমিন, মো. হাবিবুল্যাহ ও মো. হোসেন। তাঁদের বাড়ি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে। তাঁরা তিনজনই বেসরকারি সংস্থা যুবকের মাঠকর্মী ছিলেন। ওই তিন মাঠকর্মী জানান, ইতিপূর্বে তাঁরা যুবকের ভোলা-১-এর ব্যবস্থাপক মিজানুর রহমান ওরফে কামালের মাধ্যমে গ্রাহকদের আট কোটি টাকা যুবকে জমা দিয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে তাঁরা লালমোহন পৌরসভার সদর রোডে একটি মোবাইল ফোনের দোকানে কামালের সঙ্গে দেখা করে গ্রাহকদের টাকা চান। তাঁরা সেখান থেকে মাইক্রোবাসে করে কামালকে ভোলা সদর উপজেলার আলীনগরের মো. কবীরের বাসায় এনে টাকা দেওয়ার জন্য তাঁর ওপর চাপ প্রয়োগ করেন। সোমবার সকালে বিষয়টি মীমাংসা করার কথা বলে যুবকের ভোলা শাখার আরেক ব্যবস্থাপক তোফাজ্জেল হোসেন বাপ্তা এলাকায় তাঁর বাসায় নিয়ে তাঁদের সঙ্গে আলোচনায় বসেন। সেখান থেকে পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে। কামালের স্ত্রী ফারজানা বেগম ওই দিনই বাদী হয়ে লালমোহন থানায় পাঁচজনকে আসামি করে একটি অপহরণ মামলা করেছেন। মিজানুর রহমান বলেন, ‘আমি স্বেচ্ছায় ওই তিনজনের সঙ্গে মাইক্রোবাসে করে ভোলার আলীনগরে গ্রাহকদের সঙ্গে কথা বলার জন্য গিয়েছি। আমার স্ত্রী না বুঝেই অপহরণ মামলা করেছে।’ লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, অপহরণ মামলায় গ্রেপ্তারকৃতরা জেলহাজতে আছেন। তদন্ত চলছে।