ভোলায় রোগাক্রান্ত মুরগি বিক্রি, তদারকি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বাজার ও খামারে দেদার রোগাক্রান্ত মুরগি বিক্রি হচ্ছে। এ ব্যাপারে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রাণিসম্পদ বিভাগের কোনো তদারকি নেই। অভিযোগ আছে, বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগির দাম পরিশোধের ভয়ে প্রাণিসম্পদ বিভাগ অন্য রোগ বলে চালিয়ে দিচ্ছে। কিন্তু তারা এ অভিযোগ অস্বীকার করেছে। সিভিল সার্জন ফরিদ আহাম্মেদ বলেন, যেকোনো রোগাক্রান্ত মুরগি রান্না করে খেলে তার কিছু জীবাণুর প্রতিক্রিয়ায় মানুষের দেহের ক্ষতি হতে পারে। এ জন্য রোগাক্রান্ত হাঁস-মুরগি খাওয়া উচিত নয়। সদর উপজেলার শিবপুর কালিকৃত্তি গ্রামের নুরে আলমের খামারে মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, হাতেম আলী, সফিজল মাঝি, মিনারা, জোসনা, জাহাঙ্গীর আলম, রফিক মিজি ও আলাউদ্দিনসহ অনেকেই দু-তিনটি করে মুরগি কিনছেন। হাতেম আলী বলেন, চারদিকে মুরগির রোগ ছড়িয়ে পড়ছে। এ ভয়ে কম দামে সব ডিম পাড়া মুরগি বিক্রি করে দিচ্ছে অনেকে। অন্য সময় এ মুরগির দাম তিন থেকে চার শ টাকা হলেও এখন এক থেকে দেড় শ টাকায় বিক্রি হচ্ছে। অনেকে অভিযোগ করেন, মরা ও রোগাক্রান্ত মুরগিগুলো রাতের আঁধারে জবাই করে হোটেল মালিকদের কাছে বিক্রি করা হচ্ছে। নুরে আলম বলেন, তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরে গিয়ে পরীক্ষা করিয়েছেন, তাঁর মুরগির বার্ড ফ্লু ধরা পড়েনি। আবার তারা মুরগিগুলো বিক্রি করার জন্যও বলেনি। রোগে তাঁর খামারে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতির কিছু অংশ পুষিয়ে নিতে তিনি মুরগি বিক্রি করছেন। শুধু নুরে আলমের নয়, ওই এলাকার মো. ইউসুফের পাঁচ শ, ওয়াদুদ মিয়ার খামারে ছয় শ ও সুদের হাটের কুট্টি মিয়ার চার হাজারসহ ভোলায় ২০টি খামারে ২০ হাজার ডিম পাড়া মুরগি রোগাক্রান্ত হয়েছে। ভোলার সবচেয়ে বড় মহুয়া পোলট্রি ফার্মের ২২ হাজার মুরগি সালনিয়া (ফাউল টাইফয়েড) রোগে আক্রান্ত হয়েছে। ভোলা মুরগি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বজলুর রহমান বলেন, দুই মাস ধরে বিভিন্ন খামার থেকে রোগাক্রান্ত মুরগি আসছে। কম দাম পেয়ে ক্রেতারা সমানে কিনছে। কেউ কিছু বলছে না। মহুয়া পোলট্রি ফার্মের পরিচালক শহিদুল ইসলাম বলেন, আমার ফার্মে কোনো রোগ আসেনি। যাঁরা এ মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাঁরা আমার শত্রু। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার কর্মকার বলেন, আমরা অনেক খামারে ঘুরেছি, কিন্তু রানীক্ষেতসহ অন্যান্য রোগ পেলেও বার্ড ফ্লু পাইনি। তবে রোগাক্রান্ত এসব মুরগি খাওয়া ঠিক নয়, বেশি সেদ্ধ করে খেলে সমস্যা হয় না। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল হাকীম বলেন, কেউ যাতে রোগাক্রান্ত মুরগি বাজারে বিক্রি করতে না পারে—সে ব্যাপারে ব্যবস্থা নেব।