ভোলায় র্যাবের অভিযানে এক ‘জলদস্যু’ নিহত
ভোলার ভাসানচরে গতকাল মঙ্গলবার র্যাবের অভিযানে জলদস্যু বাবুল বাহিনীর প্রধান মো. বাবুল হাওলাদার নিহত হয়েছেন।র্যাবের ভাষ্যমতে, জলদস্যুদের সঙ্গে র্যাবের গুলিবিনিময়ের পর বাবুলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ সময় দুটি বিদেশি এলজি, একটি বিদেশি একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি এয়ারগান, পিস্তলের ২০টি গুলি, বন্দুকের ১২টি তাজা কার্তুজ ও ১৭টি খালি কার্তুজ উদ্ধার করে র্যাব।বিষয়টি নিশ্চিত করে বরিশাল র্যাব-৮-এ কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম মোর্শেদ বলেন, জলদস্যু বাবুল বাহিনীর অবস্থানের খবর পেয়ে গতকাল সকালে র্যাব সদস্যরা ভাসানচরে রওনা হন। টের পেয়ে জলদস্যুরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের একপর্যায়ে জলদস্যুরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় জঙ্গল থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। স্থানীয় জেলেরা লাশটি জলদস্যু বাবুলের বলে শনাক্ত করেন। গতকাল র্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেঘনা নদী ও গভীর সমুদ্রে ঘটা বেশির ভাগ ডাকাতি, অপহরণ করে জেলেদের হত্যা, চাঁদাবাজি ইত্যাদি অপরাধের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাবুল বাহিনী জড়িত। এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অপহরণ ও চাঁদাবাজিসংক্রান্ত বহু মামলা রয়েছে।এ ব্যাপারে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, জলদস্যু বাবুলের মৃত্যুর সংবাদে গতকাল বিকেলে চরফ্যাশন ও মনপুরায় ২৫টি মাছঘাটে জেলেরা আনন্দ মিছিল করেন।তিন বছর আগে নিজের নামে বাহিনী: স্থানীয় জেলে, বরিশাল র্যাব-৮ ও পুলিশ সূত্র জানায়, জলদস্যু বাবুল মনপুরা উপজেলার কালকিনি চরের মো. আলী ডাকাতের ছেলে। জলদস্যু দল মুন্সিয়া বাহিনীর সদস্য হিসেবে এ জগতে প্রবেশের পর তিন বছর আগে নিজের নামে পৃথক জলদস্যু বাহিনী গড়ে তোলেন বাবুল। এরপর একটানা ভোলার দক্ষিণ উপকূলের হাতিয়া, মনপুরা, তজুমদ্দিন এবং চরফ্যাশনের মেঘনা ও সাগর মোহনায় ত্রাসের রাজত্ব কায়েম করেন।