ভোলায় লক্ষাধিক লিটার চোরাই জ্বালানি তেল জব্দ
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে গতকাল শনিবার সকালে লক্ষাধিক লিটার চোরাই জ্বালানি তেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ সময় একটি তেলবাহী কার্গো ও ১২টি লরি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে আটজনকে।বরিশাল র্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) জমিন উদ্দিন জানান, চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন জ্বালানি তেলভর্তি জাহাজ বরিশাল ও খুলনা অঞ্চলে যাতায়াত করে মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন চ্যানেল দিয়ে। পথে জাহাজ থামিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে তেল চুরি করে আসছে। ভোলা ও দৌলতখানের বিভিন্ন চোরাকারবারি এ চক্রের সঙ্গে জড়িত।ডিএডি জমিন উদ্দিন আরও জানান, গোপনে খবর পেয়ে গতকাল ভোর পাঁচটার দিকে তেঁতুলিয়া নদীর পরিত্যক্ত পাঙ্গাশিয়া লঞ্চঘাট এলাকায় অভিযানে যায় র্যাব-৮-এর একটি দল। সকাল সাড়ে সাতটার দিকে ওই লঞ্চঘাটে চোরাই তেলভর্তি একটি কার্গো থেকে লরিতে তেল তোলা হচ্ছিল। এ সময় লক্ষাধিক লিটার তেলসহ কার্গো এবং ১২টি লরি জব্দ করা হয়। এ সময় তেল চুরির সঙ্গে জড়িত অভিযোগে আটজনকে আটক করা হয়। তবে এই চক্রের প্রধান হোতা কবীর হোসেন ওরফে তেল কবীরকে আটক করা সম্ভব হয়নি বলে জানান জমিন উদ্দিন।ভোলার পুলিশ সুপার (এসপি) বশির আহাম্মদ জানান, জব্দ করা তেল, তেলবাহী জাহাজ, লরি এবং আটক আটজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।