ভোলায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ ১
ভোলার তেঁতুলিয়া নদীতে ঢাকা-ভোলা নৌপথের যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে গেছে। এতে এক যাত্রী নিখোঁজ রয়েছে। ভোলার পুলিশ সুপার মনিরুজ্জামান ও সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার ভোর ছয়টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিমে ব্যাংকেরহাট এলাকায় তেঁতুলিয়া নদীতে মাছ ধরছিলেন ইউনিয়নের মোল্লাবাঘা গ্রামের রিপন মাঝি (২০)। এ সময় ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চ কর্নফুলী-৪ জেলে নৌকাটিকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে ডুবে যায়। এতে নৌকাসহ স্বপন (১৪) ও রিপন মাঝি নিখোঁজ হন। এলাকাবাসী রিপনকে উদ্ধার করতে পারলেও স্বপনকে পাওয়া যায়নি। বিকেল পাঁচটা পর্যন্ত তার ও নৌকাটির কোনো সন্ধান মেলেনি। রিপনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভোলায় দায়িত্বরত বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর নাসিম আহমেদ বলেন, জেলে নৌকার মালিকেরা ইচ্ছা করলে লঞ্চ মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন।