ভোলায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিনে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মাছধরা নৌকা ডুবে একজন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন দুই জেলে। ওই নৌকায় ছয় জেলে ছিলেন। উপজেলার বড় মানিকা ইউনিয়নের আলিমউদ্দিন বাংলাবাজার গ্রামের পূর্বে মেঘনায় ঢাকা-মনপুরা নৌপথে চলাচলকারী পারহান-৫ লঞ্চটির বিরুদ্ধে জেলে নৌকাটিকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার ভোর পাঁচটার দিকে ঘটা ওই ঘটনায় মো. গিয়াস উদ্দিন (১৭) নামে এক জেলে নিহত হয়েছে। মো. কামাল ও মো. সিরাজ নামে দুই জেলে নিখোঁজ রয়েছে। বাকি তিন জেলেকে উদ্ধার করা হয়েছে।

মো. শহিদুল ইসলাম আরও বলেন, ভোর পাঁচটার দিকে মিজান মাঝি ছয় জেলে নিয়ে মেঘনায় ইলিশ শিকার করছিলেন। এ সময় পারহান-৫ নামক একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেদের সহায়তায় ডুবে যাওয়া তিন জেলে ও নিহত জেলের লাশ উদ্ধার করে। বাকি দুই জেলেকে পাওয়া যায়নি।