ভোলায় লোনাপানি উঠে ৩২ হাজার হেক্টরে ফলন বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোয়ারের প্রভাবে লোনাপানি উঠে ভোলায় ৩২ হাজার হেক্টর জমিতে ফসলের ফলন কম হয়েছে। এর মধ্যে কিছু জমিতে কোনো ফসলই হয়নি। ফসল হারিয়ে এই জেলার কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছেন। সরেজমিনে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বশির মাঝির বাড়ির উঠানে খেত থেকে তুলে আনা সয়াবিনগাছের স্তূপ দেখা যায়। গাছগুলো নেড়েচেড়ে দেখা যায়, প্রতিটিতে ১৫-২০টি ফল রয়েছে। কিন্তু অধিকাংশ ফলের ভেতর বীজ নেই। কেন এমন হলো—জানতে চাইলে বশির মাঝি জানান, গত বছর বোরো আবাদে মারাত্মক ক্ষতির শিকার হয়ে এ বছর চরের অধিকাংশ কৃষক সয়াবিন চাষ করেছেন। তিনিও এক একর ২৮ শতাংশ জমিতে সয়াবিন লাগিয়ে-ছিলেন। কিন্তু মার্চ মাসে জোয়ারে লোনাপানি উঠে চরের সব ফসলের খেত তলিয়ে যায়। ওই সময় সয়াবিনগাছে কেবল ফল এসেছিল। যেসব খেতে লোনাপানি সঙ্গে সঙ্গে নেমে গেছে, সেসব খেতের সয়াবিনগাছ লাল ও ফল চিটা হয়ে গেছে। যে খেতে লোনাপানি স্থায়ী হয়ে দু-তিন দিন থেকেছে, সেই খেতের সয়াবিনগাছ একদম পচে গেছে। বশির মাঝি আরও বলেন, ‘এক একর ২৮ শতাংশ জমিতে কমপক্ষে ৩৫ মণ সয়াবিন হওয়ার কথা ছিল। সেখানে দেড় মণও পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।’সরেজমিনে দেখা যায়, মদনপুর ইউনিয়নটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এর অবস্থান মেঘনা নদীর মাঝে। মদনপুরের মতো সদর উপজেলার কাচিয়া, গাজীরচর, রামতনু, রামদাসপুর, চর সুলতানী; দৌলতখান উপজেলার ভবানীপুর, নেয়ামতপুর, হাজীপুর; তজুমদ্দিনের জর জহিরুদ্দিন এবং মনপুরার কলাতলাসহ ভোলায় ৫০টি চর রয়েছে। এসব চরের চারপাশে কোনো বাঁধ নেই। এসব স্থানে প্রতিবছর কয়েক হাজার হেক্টর জমিতে আমন, বোরো ধান, সয়াবিন, বাদাম, মুগ, মরিচ চাষ করা হয়। মদনপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা বেনজির আহাম্মেদ বলেন, চরে প্রায় ৫০০ হেক্টরে সয়াবিন, সাড়ে ৩০০ হেক্টরে বোরো ধান ও অন্যান্য জমিতে বাদাম, গম, মুগ, ফেলন ডাল, মসুর ও তরমুজের চাষ হয়েছে। ২৯ মার্চ জোয়ারের পানিতে লোনাপানি উঠে খেতের সব ফসল নষ্ট হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর ভোলার সাতটি উপজেলার প্রায় ৪৫ হাজার হেক্টর ফসলি জমিতে লোনাপানি উঠেছিল। এর মধ্যে লবণাক্ততার প্রভাবে ৩২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফসার আলী খান বলেন, লোনাপানিতে তলিয়ে যাওয়া ফসলের খেত সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলায় এই সমস্যা এ বছরই প্রথম হয়েছে।