ভোলায় শহর রক্ষা বাঁধে ভাঙন, ৯৫ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র জোয়ারের চাপে ভোলার শহর রক্ষা বাঁধের প্রায় ১৫ হাত ভেঙে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বেপারী বাড়ির সামনের বাঁধ ভেঙে যায়। এ ছাড়া জোয়ারের পানিতে জেলার বিভিন্ন উপজেলার আরও ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে।এদিকে গতকাল সন্ধ্যায় জোয়ারের পানিতে ডুবে দৌলতখান উপজেলায় এক শিশুর মৃত্যু হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাঁচ দিন ধরে জোয়ারের তীব্র চাপে শহর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। সদর উপজেলার ধনিয়ার বালিয়াকান্দি, কাচিয়া ইউনিয়নের কালিকানগর, কাঠিরমাথায় বাঁধের অংশবিশেষ ভাঙলে পাশ দিয়ে রিংবাঁধ দেওয়া হয়। গতকাল সন্ধ্যা সাতটার দিকে আবার ধনিয়া ইউনিয়নের বেপারী বাড়ির সামনে দিয়ে বাঁধের প্রায় ১৫ হাত ভেঙে যায়। এতে সদর উপজেলার ২৫টি গ্রাম প্লাবিত হয়। এ সময় উত্তেজিত জনতা পাউবোর উপসহকারী প্রকৌশলী ফজলে এলাহীকে লাঞ্ছিত করে। এদিকে গতকাল সকাল থেকে ঝোড়ো হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। বিকেলে তীব্র জোয়ারের পানিতে সদর, দৌলতখান, চরফ্যাশন, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও মনপুরা উপজেলার প্রায় ৭০টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব গ্রামে জোয়ারের প্রভাবে ভাঙনের মাত্রাও বেড়েছে।স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চর পদ্মার কালাম সরদারের নাতি রিয়াদ (৭) পানিতে পড়ে জোয়ারে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির লাশ পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, জোয়ারের পানিতে তাঁর ইউনিয়নের পাঁচ হাজার পরিবারের ঘর ডুবে গেছে। সদর উপজেলায় ভাঙনের মুখে পড়া হাবিবুর রহমান, গোলদার বাড়ির ইখতিয়ার উদ্দিন বলেন, তীব্র জোয়ারের সামনে পাউবো পাথরের ব্লক না ফেলে মাটির বস্তা ও জিও টেক্সটাইল ব্যাগ ফেলে পানি আটকাতে গিয়ে ব্যর্থ হয়েছে। এভাবে বন্যার পানি নিয়ন্ত্রণ করা গেলেও ভাঙন প্রতিরোধ করা সম্ভব নয়। পাউবোর উপসহকারী প্রকৌশলী ফজলে এলাহী লাঞ্ছিত হওয়ার কথা স্বীকার করে বলেন, জোয়ারের তীব্র চাপে বাঁধ ঠেকানো যাচ্ছে না। পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘বাঁধ ভেঙে যাতে শহর না ডুবে যায়, সে জন্য আমাদের চেষ্টার ঘাটতি ছিল না। প্রথমবার বাঁধ ভাঙলে আমরা বিকল্প রিংবাঁধের ব্যবস্থা করেছি। জিও টেক্সটাইল ব্যাগ ফেলেছি।’