ভোলায় শিক্ষক সমিতির পাল্টাপাল্টি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির (কামরুজ্জামান) ভোলা সদর উপজেলার পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়েছে।

সমিতির উপজেলা কমিটির এক পক্ষের সভাপতি জাকির হোসেন তালুকদার গত বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তি দেন। এতে বলা হয়, তাঁরা গত ২৭ জুন স্থানীয় একটি বিদ্যালয়ে সভা করে ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ৬১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করেন। এ কমিটিতে রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির তালুকদারকে সভাপতি ও মাছুমা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জিয়াউল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জাকির হোসেন আরও বলেন, এ কমিটি গঠন করার পরও কিছু বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাল্টা কমিটি করেছেন, যা অগঠনতান্ত্রিক। বহিরাগত কিছু শিক্ষককে ডেকে সভা করে ওই কমিটি করা হয়েছে। ওই সভায় সমিতির সদস্য ২৭টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন না।

পাল্টা ওই কমিটি গঠন করা হয় গত সোমবার। এদিন বিকেলে ভোলা বাংলাস্কুল মাঠে উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কণ্ঠভোটে কাচিয়া সাহমাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মীর আমীর হোসেনকে সভাপতি ও গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমরান হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এই কমিটির নেতারা জাকির হোসেন তালুকদারের গঠিত কমিটির বিরুদ্ধে ১২টি অভিযোগ উত্থাপন করেছেন।

কমিটির সভাপতি মীর আমীর হোসেন বলেন, জাকির তালুকদার ২১ বছর ধরে সদর উপজেলা শিক্ষক সমিতির কোনো সম্মেলন দেননি। সম্মেলন ছাড়াই তিনি নিজের মনমতো কমিটি গঠন করেছেন। সমিতিতে বিভিন্ন বই কোম্পানি কয়েক কোটি টাকা অনুদান দিয়েছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্ন বিক্রি করে কয়েক কোটি টাকা আয় হয়েছে। এসব টাকার কোনো হিসাব নেই। বিদ্যালয়ের টিনসহ মালামাল লোপাট করেছেন জাকির।

জাকির তালুকদারের বিরুদ্ধে অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে বিভিন্ন অনুষ্ঠানে ও আন্দোলনে খরচের ক্ষেত্রে অনিয়ম, সমিতির অফিস ছাড়া অন্যত্র গোপনে সভা করে কমিটি গঠন, সমিতিতে কোষাধ্যক্ষের কোনো ক্ষমতা না রাখা, সহকারী শিক্ষকদের বাদ রেখে কমিটি গঠন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাধারণ সম্পাদকের দায়িত্বে রাখা ও আজীবন সমিতির সভাপতি থাকার পাঁয়তারা।

তবে জাকির হোসেন তালুকদার এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সব অভিযোগের কোনোটিই সত্য নয়। তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, সবকিছু করা হয়েছে সমিতির সিদ্ধান্তে, ব্যক্তিগত সিদ্ধান্তে নয়।