ভোলায় শিডিউল কিনতে না দেওয়ার অভিযোগ
ভোলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নয় কোটি টাকার কাজের দরপত্রের শিডিউল অনেক ঠিকাদার কিনতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ছিল এ শিডিউল বিক্রির শেষ দিন।এলজিইডি সূত্রে জানা যায়, গত ৮ ও ১৯ জুলাই দুটি পত্রিকার মাধ্যমে ১৬ গ্রুপে প্রায় ছয় কোটি টাকার সড়ক উন্নয়নকাজ এবং ১০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের বর্ধিতকরণ ও মেরামতকাজে তিন কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদারেরা জানান, দুটি ঘুপচি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ায় এ দরপত্র সম্পর্কে তাঁরা কিছুই জানতেন না। বুধবার তাঁরা বিষয়টি জেনে এলজিইডি কার্যালয়ে যান। কিন্তু কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের কাছে কোনো শিডিউল বিক্রি করেননি। ঠিকাদারেরা অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলী জামাল হোসেন তাঁর পছন্দের কিছু ঠিকাদারের মধ্যে কাজ ভাগবাটোয়ারা করে দিয়েছেন।জামাল হোসেন বুধবার সাংবাদিকদের তাঁর কার্যালয়ে ঢুকতে দেননি। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, বুধবার ঢাকায় তিনটি শিডিউল বিক্রি হলেও ভোলায় কোন শিডিউল বিক্রি হয়নি।