ভোলায় শীতে কাঁপছে ৪০০ জেলে পরিবার
ভোলার নদীতে বসবাস করা ৪০০ জেলে পরিবার শীতে কাঁপছে। এসব পরিবারের লোকজন ভোটার হলেও সরকারি কোনো সুবিধা পাচ্ছেন না।
আগুন আর ছেঁড়া কাঁথাই এসব জেলে পরিবারের শীত নিবারণের একমাত্র অবলম্বন। তাও সব সময় নৌকার কাছে আগুন পাওয়া যায় না। ফলে এসব পরিবারের বৃদ্ধ-শিশুদের শীতজনিত রোগ লেগেই আছে। সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডফিশের ইকো ফিশ প্রকল্পের ভোলা জেলা সমন্বয়কারী খোকন চন্দ্র শীল বলেন, ‘আমরা এসব জেলেদের ওয়াটার জিপসি বলে থাকি। তাদের সরকারের নিয়ম ও আইনকানুন মানানোর চেষ্টা করছি। কিন্তু কিছু পরিবারকে সোলার প্যানেল ছাড়া কিছুই দিতে পারিনি। এসব জেলে মৌলিক ও মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’
ভোলা জেলা প্রশাসক সেলিম উদ্দিন বলেন, ‘এসব জেলে উদ্বাস্তু। তাঁদের বসতি নেই। যার কারণে পরিষদের করা তালিকায় অন্তর্ভুক্তি হচ্ছে না। আমরা বিষয়টি জানলাম, চেষ্টা করব কিছু করার।’
সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জোড়খালে গত শনিবার দেখা যায়, এখানে মেঘনাতীরে প্রায় ২০০ নৌকায় বসত করে জেলে পরিবার। এসব নৌকায় বসত করে প্রায় ১ হাজার ২০০ মানুষ। এসব ওয়াটার জিপসি লোকজনকে বলে মানতা-সম্প্রদায়। এসব নৌকার প্রধান নারী। তিনি জাল পাতেন, তাঁকে সাহায্য করেন সন্তান, কন্যা ও স্বামী। এমনই এক নারী নুরবানু (৩৪)। তিনি বলেন, ‘নদীতে হাড়কাঁপানো শীত বইছে সারা দিন। সারা দিন কাজকর্মের মধ্যে থাকেন। গত সময়ে নদীতে শীত থাকলেও কাবু করতে পারেনি। এবার বইছে কনকনে ঠান্ডা বাতাস। তীব্র শীতে শরীর কুঁকড়ে আসছে হাত-পা। বেয়ান বেলাত উইটতে পোলাইনের ঠেলা-গুঁতা লাগে, শরীল জইম্যা যায়। উইড্ডাই আগুন জ্বালাই। গাও আতপাও গরম কইরা নৌকা লইয়্যা বাইরাই।’
পারভীন আক্তার (৪০) বলেন, ‘মাঘের শুরুত ঠান্ডা বাতাস দেহা দিছে। শীতে পেত্তেক রাইতেই মনে অয় মইররা জামু, পোলাইন-ছালাইন লইয়্যা ছিরা খাতা গায় দিয়া রাইত কাডাই।’
আবদুস সাত্তার (৫০) বলেন, ‘কষ্টের জীবন। সরকার উরফের মাইনষেরে সব দ্যায়, আমগোরে কিছু দ্যায় না।’
অন্তত ৫৬ জন জল-উদ্বাস্তুর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা একেকজন একেক ঘাটে ভোটার হয়েছেন। তবে ভোটের সময় যেখানে ভোটার হয়েছেন, সেখানেই থাকার চেষ্টা করেন। তাঁরা সরকারের সব আইনকানুন মেনে চলেন। কিন্তু সরকারের কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা তাঁদের কখনোই সাহায্য-সহযোগিতা করেন না। সরকার ও জনপ্রতিনিধিরা শীতবস্ত্র বিতরণ করছেন। কিন্তু তাঁরা পাচ্ছেন না। তাঁরা ভোলার মেঘনা নদীর রাজাপুর, ধনিয়া, তজুমদ্দিন ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে বসবাস করছেন।
এসব জেলের প্রধান আবদুস শুক্কুর সরদার বলেন, তাঁরা জাটকা সংরক্ষণ অভিযান ও মা-ইলিশ রক্ষা অভিযান মেনে চলেন। কিন্তু সরকার ও জনপ্রতিনিধিরা কখনোই তাঁদের চাল দেন না। দেন না কোনো শীতবস্ত্র। কোনো সরকারি সহায়তা না পেলেও তাঁরা ভোট দেন। ৪০০ নৌকায় ৪০০ পরিবারের প্রায় আড়াই হাজার মানুষ বসত করে। এসব জেলে পরিবারের লোকজন সরকারের আইন মানতে গিয়ে বছরের অনেক সময় বেকার থাকছেন। জালের পরিবর্তে মাছ শিকারে অন্য যন্ত্র ব্যবহার করছেন। কীভাবে সংসার চালান জানতে চাইলে সরদার বলেন, আড়তদারের কাছে ঋণ নিয়ে চলেন।
জোড়খালের পল্লিচিকিৎসক আমির হোসাইন বলেন, এসব জেলে পরিবারের শিশু ও বৃদ্ধরা নানা রকম শীতজনিত রোগে ভুগছেন।
সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাসুদ রানা বলেন, সরকার থেকে এসব জেলের জন্য কোনো বরাদ্দ আসে না। তাই দেওয়া হয় না।