ভোলায় সংঘর্ষে আহত ৭৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল শনিবার আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ এবং ওই দুই দল ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ৭৩ জন আহত হয়েছেন। এ ছাড়া ভোটকেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী কয়েক জন জানান, বেলা ১১টার দিকে উপজেলার চাচড়া গ্রামের পশ্চিম বাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। একপর্যায়ে পোলিং কর্মকর্তাদের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় দুই পক্ষের ২০ জন আহত হন।

১২টার দিকে ভোলা পৌরসভার মধ্য চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ ঘটনায় এসআই এরশাদ, কনস্টেবল তানভিরসহ ১২ জন আহত হন।

বেলা দেড়টার দিকে পৌরসভার ভোলা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে সন্ত্রাসীরা ঢুকে বেশ কয়েকটি বোমা ফাটিয়ে ১০টি ব্যালট বাক্স ছিনতাই করে। এ সময় দায়িত্ব পালনকারীরা বাধা দিলে সন্ত্রাসীরা ১০ জনকে পিটিয়ে আহত করে।

 রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ভোট নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে।