সংঘাতের আশঙ্কায় ভোলা জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন স্থগিত করেছে কেন্দ্র।জেলা বিএনপির অঙ্গসংগঠন ওলামা দলের বিশ্বস্ত সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ১৫ সেপ্টেম্বর ওলামা দলের কমিটি বিলুপ্ত করে জেলা বিএনপি। ওই দিন মোবাশ্বিরুল হককে আহ্বায়ক করে ৫১ সদস্যের কমিটি কেন্দ্রে পাঠিয়ে অনুমোদন করানো হয়। এ পক্ষকে সমর্থন করেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও সম্পাদক মো. ফারুক।এরপর কেন্দ্র আবার ১৫ সেপ্টেম্বরের ভোলা জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি সংশোধন করে আবু নোমানকে আহ্বায়ক ও মোবাশ্বিরুল হককে যুগ্ম আহ্বায়ক করে ১৩ অক্টোবর নতুন করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করে। ওই প্যাডে কেন্দ্রীয় ওলামা দলের সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক শাহ মো. নেছারুল হকের স্বাক্ষর রয়েছে। নোমান পক্ষকে সমর্থন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং সদর উপজেলা বিএনপির সম্পাদক রাইসুল আলমসহ বিএনপির আরেকটি অংশ। এর পরই ভোলা জেলার নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুটি কমিটি হওয়ার পর গত সোমবার দুটি কমিটিই আহ্বায়ক কমিটির পরিচিতি সভা করেছে।মোবাশ্বিরুল হক প্রথম আলোকে বলেন, ‘ভোলা জেলা ওলামা দলের কমিটি ভেঙে দিয়ে গত ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় ওলামা দলের সভাপতি আবদুল মালেক দলীয় প্যাডে স্বাক্ষর দিয়ে তাঁকে আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। কিন্তু ১৩ অক্টোবর নোমান কেন্দ্রকে ভুল বুঝিয়ে পুনরায় তাঁকে আহ্বায়ক এবং আমাকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি অনুমোদন করিয়ে আনেন। পরে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ঢাকায় গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ভোলার অবস্থা বুঝিয়ে নোমানের কমিটি স্থগিত করান।’এদিকে আবু নোমান প্রথম আলোকে বলেন, ‘জেলা কমিটির দুই পক্ষ নিজেদের বিরোধের আগুন অঙ্গসংগঠনের কমিটি গঠনে ছড়িয়ে দিচ্ছে। আমাকে আহ্বায়ক করে যে কমিটি গঠন করা হয়েছে, সে কমিটি বেগম জিয়া নিজে অনুমোদন করেছেন। ফারুক পক্ষ আমাকে কোণঠাসা করতে চাচ্ছে এবং নিজেদের পকেট কমিটি বাস্তবায়ন করতে চাচ্ছে।’জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, জেলা বিএনপির সভাপতি-সম্পাদক সম্পূর্ণ গোপনভাবে ওলামা দলের কমিটি গঠন করে কেন্দ্রে পাঠিয়েছেন। তাঁরা কেন্দ্রকে ভুল বুঝিয়ে মোবাশ্বিরুল হকের কমিটির অনুমোদন আনেন। পরক্ষণে কেন্দ্র যখন প্রকৃত বিষয়টি জানল, তখন নোমানের কমিটির অনুমোদন দিয়েছে।ভোলা জেলা বিএনপির সম্পাদক মো. ফারুক মিয়া জানান, নোমানের আহ্বায়ক কমিটির বিষয়ে সন্দেহ রয়েছে। তাঁদের সমর্থিত কমিটি কেন্দ্র বাতিল করে আগের কমিটি বহাল রেখেছে।কেন্দ্রীয় ওলামা দলের সভাপতি আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘ভোলার ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে। এ জন্য আমরা কমিটি গঠন স্থগিত করেছি। কোরবানির ঈদের পর সবার সিদ্ধান্তে কমিটি গঠন করা হবে।’