ভোলায় সরকারি পুকুরে পাকা ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি বাংলা স্কুলের পাশের সরকারি পুকুর দখল করে কয়েকটি পাকা ভবন নির্মাণ করা হয়েছে। আরও চার-পাঁচটি প্রতিষ্ঠান মাটি ফেলে পুকুর ভরাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুকুরের জমিতে ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয়, শিল্প ও বণিক সমিতির কার্যালয় ও বাংলাদেশ রাইফেলস ক্লাবের কার্যালয়ের ভবন নির্মাণ করা হয়। এক সপ্তাহ ধরে বাংলাদেশ স্কাউটসের ভোলা শাখা পুকুরের জমিতে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এশিয়া ডায়াগনস্টিক সেন্টার, আমেনা প্লাজা, সদর উপজেলা শিক্ষক সমিতি ও সেলিম শপিং সেন্টার নামে কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাড়ের জমি ইজারা নিয়ে পুকুর ভরাট করা হচ্ছে। তবে ওই প্রতিষ্ঠানগুলোর মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পুকুর ভরাট করার অভিযোগ অস্বীকার করেছেন।সরেজমিনে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলো ইজারা নেওয়ার জমির বাইরে পুকুরের ভেতরে আরও চার-পাঁচ হাত জমি মাটি দিয়ে ভরাট করেছে। সদর উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলা শহরের চর জংলা মৌজার ১৬৪ নং খতিয়ানে মোট জমির পরিমাণ দশমিক ৯৮৮৭ একর। এর মধ্যে পুকুরের জমি দশমিক ৮৬১৫ একর। বাকি দশমিক ১২৭২ একর পুকুরের পাড়ের সম্পত্তি। কিন্তু ভূমি কার্যালয় বিভিন্ন সময়ে দশমিক ২০৯১ একর সম্পত্তি ইজারা দিয়েছে। ভূমি কার্যালয় পুকুরপাড়ে যে জমি আছে তার থেকে প্রায় দ্বিগুণ (দশমিক ০৮১৯ একর) বেশি জমি ইজারা দিয়েছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ফরিদ উদ্দিন জানান, পুকুর ভরাট করে ভবন নির্মাণ করা বেআইনি কাজ। এ ছাড়া সরকার থেকে জমি ইজারা নিয়ে সেখানে পাকা ভবন নির্মাণও বেআইনি। যে বা যারা এটা করছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং ওই স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।বাংলাদেশ স্কাউটস ভোলা শাখার সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান, ‘পুকুর দখল ও ইজারা নেওয়া জমিতে পাকা ভবন নির্মাণ বেআইনি জেনেও আমরা সেখানে তা নির্মাণ করছি। বিষয়টি জেলা প্রশাসক জানেন।’রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন দাবি করেন, যতটুকু জমি ইজারা নেওয়া হয়েছে ততটুকুতেই তাঁরা ভবন নির্মাণ করছেন। জেলা আওয়ামী লীগ ও ভোলা বণিক সমিতির সভাপতি ফজলুল কাদের মোল্লা দাবি করেন, ‘আমরা সরকার থেকে ইজারা নিয়ে ভবন নির্মাণ করেছি। পুকুরের জমি দখল করিনি।’জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান দাবি করেন, ‘বাংলাদেশ স্কাউটস ও রাইফেলস ক্লাব আমার অনুমতি ছাড়াই পুকুরের জমি দখল করে সম্পূর্ণ বেআইনিভাবে ভবন নির্মাণ করছে। আমরা শিগগিরই পুকুরটি দখলমুক্ত করার চেষ্টা করব।’