সড়ক ও বন বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণে ভোলায় ১৫ কিলোমিটার সড়কে সামাজিক বনায়ন বাধাগ্রস্ত হয়েছে। চুক্তি হওয়ার পরও সড়ক বিভাগ একটি বেসরকারি সংস্থাকে একই সড়কের পাশে গাছ লাগানোর অনুমতি দিয়েছে। এ কারণে বন বিভাগ বনায়ন কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।ভোলা সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা ফরিদ আহমেদ ভূঁইয়া জানান, ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি সদর উপজেলা পরিষদের পরিবেশ ও বন উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা হয়। এতে বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা অংশের ভেদুরিয়া ফেরিঘাট থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের দুই পাশে সামাজিক বনায়ন করার সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত সড়ক বিভাগ, স্থানীয় সওজের কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। এর ভিত্তিতে জুলাই ও আগস্ট মাসে বন বিভাগ দারিদ্র্য নিরসন ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে বনায়ন প্রকল্পের আওতায় সড়কের নয় কিলোমিটার সড়কে ফলদ ও বনজ গাছের চারা লাগায়। বাকি ছয় কিলোমিটারে চারা লাগানোর প্রক্রিয়া চলছিল। বন বিভাগ সূত্রে জানা গেছে, নয় কিলোমিটারে বনায়ন করার পর ওই সড়কে ভোলা সমাজ উন্নয়ন সংস্থা (বিসাস) নামে একটি বেসরকারি সংস্থা সাইন বোর্ড লাগিয়ে বনায়ন করবে বলে দাবি করে। সড়ক বিভাগের এক চিঠি অনুযায়ী ভোলা সমাজ উন্নয়ন সংস্থাকে মহাসড়কের ভোলা অংশের ১৮ কিলোমিটারের দুই পাশে সামাজিক বনায়নের অনুমতি দেওয়া হয়েছে। বিসাসের নির্বাহী পরিচালক জাকির হোসেন বলেন, ‘আমরা দুই বছর ধরে সওজের কাছে আবেদন করে আসছি। গত মাসে আমাদের অনুমতি দিয়েছে।’ উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাঈদ আলী বলেন, সড়ক বিভাগ এনজিওকে বনায়ন করার অনুমতি দিতে পারে না। সওজের ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুশীল চন্দ্র সাহা বলেন, ‘বিসাস নামের এনজিওকে আমরা বনায়ন করার অনুমতি দিইনি। মন্ত্রণালয় থেকে তারা তদবির করে অনুমতি এনেছে।’