ভোলায় সাড়ে ১৯ হাজার দুস্থের চাল পাওয়া অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ) দিতে ঈদুল আজহার আগে সরকার ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়। আড়াই মাস পেরিয়ে গেলেও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দ্বন্দ্বের কারণে ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার ছয় ইউনিয়নের ১৯ হাজার ৬০০ দুস্থ মানুষের মধ্যে সেই চাল বিতরণ করা যায়নি বলে জনপ্রতিনিধিরা অভিযোগ করেছেন।তজুমদ্দিন ও লালমোহন উপজেলা ত্রাণ শাখা সূত্র জানায়, তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের দুই হাজার ৭০০ জনের বিপরীতে ২৭ মেট্রিক টন এবং চাঁদপুর ইউনিয়নের চার হাজার ৮০০ জনের বিপরীতে ৪৮ মেট্রিক টন চাল এখনো বিতরণ করা হয়নি। লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চার হাজার ২০০ জনের বিপরীতে ৪২ মেট্রিক টন, রমাগঞ্জ ইউনিয়নে দুই হাজার ২০০ জনের বিপরীতে ২২, লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে দুই হাজার ৬০০ জনের বিপরীতে ২৬ এবং পশ্চিম চর উমেদ ইউনিয়নের তিন হাজার ১০০ জনের বিপরীতে ৩১ মেট্রিক টন ভিজিএফের চাল এখনো বিতরণ করা হয়নি। এ চাল গত নভেম্বর মাসে বিতরণ করার কথা ছিল।তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন ওরফে আরজু প্রথম আলোকে বলেন, ক্ষমতাসীন দলের নেতারা গরিবদের না দিয়ে দলীয় কর্মীদের একেকজনের পরিবারের ১০-১২ জনের নাম দিয়েছে। তাতে প্রকৃত গরিব-দুঃখীরা বঞ্চিত হওয়ায় এখনো তালিকা চূড়ান্ত হয়নি। তাই চালও বিতরণ করা হয়নি। চাঁদপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘ভাই, বড় চাপে আছি। চেষ্টা করছি, শিগগির চাল বিতরণ করব।’লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক হাওলাদার অভিযোগ করে বলেন, ‘লালমোহনে আওয়ামী লীগের দুটি পক্ষ। আমার ইউনিয়নের চার হাজার ২০০ জনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর এক ভাগ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের জন্য, এক ভাগ উপজেলা চেয়ারম্যানের পক্ষের নেতা-কর্মীদের এবং বাকিটা সাবেক সাংসদ জসিম উদ্দিনের কর্মী-সমর্থকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। লালমোহন উপজেলার ইউনিয়নগুলোর সব বরাদ্দে অলিখিত এ নিয়ম চলে আসছে। শুধু ইউনিয়ন পরিষদের এক হাজার ৪০০ নাম পাওয়া গেলেও উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাংসদ পক্ষের নাম পাওয়া না যাওয়ায় ভিজিএফের চাল বিতরণ করা হয়নি।’একই অভিযোগ করেন লর্ড হাডিঞ্জ ও রমাগঞ্জ ইউপি চেয়ারম্যানরা। পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহসিন হাওলাদার জানান, এ ইউনিয়নের ৩১ মেট্রিক টন চাল পরিষদের গুদামে তোলার পরিবর্তে অন্যত্র পাচারের অভিযোগ ওঠায় ওই চাল জব্দ ও মামলা হয়েছে। তাই বিতরণ করা হয়নি।তজুমদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভিজিএফের চাল দুই ইউনিয়নে এখনো কেন বিতরণ করা হয়নি, সে বিষয়ে আমি কিছু বলতে পারব না। বলতে পারবে খাদ্যগুদামের কর্মকর্তা।’লালমোহনের ইউএনও বাবর আলী মীর বলেন, চাল বিতরণ না করার বহুবিধ কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ক্ষমতাসীনদের দুই পক্ষ। এক পক্ষের তালিকা অন্য পক্ষের পছন্দ হয় না। এ কারণে চাল বিতরণ করা হয়নি।তজুমদ্দিন উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারেফ হোসেন ওরফে দুলাল বলেন, ‘বিষয়টি আমি জানি না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রাণ শাখার সঙ্গে কথা বলেন।’জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাফর হোসেন প্রথম আলোকে বলেন, ‘চাল উত্তোলন ও বিতরণ করা কেন হয়নি, সে বিষয়ে মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রাণ শাখা। আমরা বলতে পারব না।’লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বলেন, ‘ইউপি চেয়ারম্যান বিএনপির আর ক্ষমতায় আওয়ামী লীগ। এ কারণে সমঝোতা হচ্ছে না। এ কারণে ভিজিএফের চাল বিতরণ করা হয়নি।’