ভোলায় সিভিল সার্জন দুজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলায় গত বুধবার থেকে দুজন সিভিল সার্জন দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। তাঁদের একজন বদলির নির্দেশের পর কর্মস্থলে যোগ না দিয়ে আদালতে রিট করেছেন। অপরজন পদোন্নতি পেয়ে এখনো যোগদান করতে পারেননি। দুজনই নিজেদের ভোলার সিভিল সার্জন দাবি করেছেন।গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ভোলা সদর হাসপাতালের সিভিল সার্জনের কার্যালয়ের দোতলায় বদলি হওয়া সিভিল সার্জন শাহ আলম শরীফ মাসিক সমন্বয় সভা নিয়ে ব্যস্ত। তাঁর কার্যালয়ের সামনে পুলিশ টহল দিচ্ছে। আর সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষ দখল করে বসে আছেন সদ্য পদোন্নতি পাওয়া সিভিল সার্জন এ টি এম মিজানুর রহমান। তত্ত্বাবধায়কের ওই চেয়ারটি সিভিল সার্জনের জন্য বরাদ্দ।এ টি এম মিজানুর রহমান বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আমাকে কোনো লিখিত আদেশ দেননি। তাই আমিই ভোলার সিভিল সার্জন। আমি হাসপাতালের এ কক্ষে বসে সিভিল সার্জনের দায়িত্ব পালন করছি। ইচ্ছে করলেই সিভিল সার্জনের কক্ষটি আবার দখল করতে পারি।’শাহ আলম শরীফ বলেন, ‘হাইকোর্টের একটি অস্থায়ী বেঞ্চ ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশ দিয়েছেন উভয়কে নিজ নিজ অবস্থানে থাকার। সে নিয়মে আমিই ভোলার সিভিল সার্জন। এ টি এম মিজানুর রহমান ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা।’প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নির্দেশে সিভিল সার্জন শাহ আলম শরীফকে কুষ্টিয়ায় বদলি করা হয়। আর ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ভোলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু বদলি হওয়া সিভিল সার্জন দায়িত্ব বুঝিয়ে না দিয়ে আদালতে রিট করেন। গত সোমবার আদালত দুজনকে আপাতত নিজ নিজ স্থানে থাকার নির্দেশ দেন। কিন্তু পদোন্নতি পাওয়া সিভিল সার্জন গত মঙ্গলবার নিজেই কার্যালয়ের তালা ভেঙে দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন। ওই দিন বিকেল চারটায় সিভিল সার্জনের কার্যালয়ের তালা ভেঙে দায়িত্ব নিতে গেলে স্থানীয় লোকজন তাঁকে বাধা দেয়। এ ব্যাপারে গতকাল প্রথম আলোয় ‘তালা ভেঙে দায়িত্ব নেওয়ার চেষ্টা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, ওই ঘটনায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।