ভোলায় সেচ ও খাওয়ার পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুষ্ক মৌসুম শুরু হতে না-হতেই ভোলায় সেচ ও খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। জেলায় গভীর নলকূপের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অর্ধেক। গ্রামগঞ্জে দৈনন্দিন কাজে শুকিয়ে যাওয়া পুকুরের দূষিত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছে এলাকাবাসী। খাল ভরাট ও নদীর পানিতে এই মৌসুমে লবণাক্ততা বাড়ায় বোরোসহ বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে। ঘূর্ণিঝড় সিডর ও আইলা আঘাত হানার পর থেকে জেলায় এ অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।ভোলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদ জানান, ভোলার সব কটি অগভীর (শ্যালো) নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। গভীর নলকূপগুলোতে আর্সেনিক নেই। কিন্তু জেলায় প্রয়োজনের তুলনায় গভীর নলকূপের সংখ্যা অর্ধেক।জেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, গ্রামগঞ্জের পুকুরের পানি তলানিতে গিয়ে ঠেকেছে। জমে থাকা সামান্য পানির রংও কালো আকার ধারণ করেছে। পানির ওপর উড়ছে পোকা ও মশা-মাছি। গৃহিণীরা ওই পানি দিয়েই হাড়ি-পাতিল ধোয়ার কাজ সারছেন। পাশাপাশি এলাকাবাসী ওই পানিতেই গোসল করছে।সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরগাজী গ্রামের আমির হোসেন জানান, আশপাশে কোনো গভীর নলকূপ না থাকায় তাঁরা দৈনন্দিন কাজে পুকুরের পচা পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিমাল জানান, তাঁদের ইউনিয়নের লোকসংখ্যা অনুযায়ী ৬০০ গভীর নলকূপ দরকার। কিন্তু আছে মাত্র ২৫৩টি নলকূপ। এ ছাড়া ইউনিয়নে ৩৮০টি পুকুর ও ছয়টি খাল থাকলেও শুষ্ক মৌসুম এলেই সেগুলো শুকিয়ে যায়। চেয়ারম্যান জানান, ঘূর্ণিঝড় আইলা ও সিডর আঘাত হানার পর থেকে পুকুরের পানি পৌষের শুরুতেই নষ্ট হয়ে যাচ্ছে।দৌলতখান উপজেলার মদনপুর, হাজিপুর, সদর উপজেলার কাচিয়া, তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন, মনপুরা উপজেলার কলাতলি, ঢালচর, চর নিজাম, চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরি, ঢালচর, চর শিকদার, লালমোহন উপজেলার চর কচুয়াসহ অর্ধশতাধিক চরে বর্তমানে লক্ষাধিক পরিবার বসবাস করে। এসব চরে নিরাপদ পানি বলতে কিছুই নেই।ভোলার সিভিল সার্জন ফরিদ আহাম্মদ জানান, জেলার গ্রামগঞ্জে পর্যাপ্ত গভীর নলকূপ না থাকায় এবং অসচেতনতার কারণে লোকজন এই সময়ে ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ ব্যাপারে বারবার গভীর নলকূপের পানি পান এবং পুকুর ও নদীর পানি ফুটিয়ে দৈনন্দিন কাজ সমাধানের পরামর্শ দেওয়া হলেও অনেকেই তা মানছে না।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হিসাব অনুযায়ী, জেলায় প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার খাল রয়েছে। কিন্তু শুষ্ক মৌসুমে এসব খালে পানি না থাকায় কৃষকেরা সেচ দিতে পারেন না। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের ভোলা শাখার সহকারী প্রকৌশলী (সেচ) স্বপন কুমার হাওলাদার জানান, ভোলার অধিকাংশ খাল খনন করতে হবে। কমপক্ষে ৫১টি খাল জরুরি ভিত্তিতে খনন করা প্রয়োজন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তি রঞ্জন মণ্ডল জানান, জলবায়ু পরিবর্তনের কারণে নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। জ্যৈষ্ঠ-বৈশাখ মাসে উচ্চ-জোয়ারের কারণে লবণ পানি খেতে উঠে পড়ছে। এ কারণে ফসলের ক্ষতি হচ্ছে। তাঁরা এরই মধ্যে লবণসহিষ্ণু জাতের ধান বিতরণ করেছেন। এ ছাড়া পাউবোকে তাঁরা জলকপাট (স্লুইসগেট) সংস্কার ও খাল খননে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন।